২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোবানা সম্মেলনে নিষিদ্ধ হলেন কুদরত-ই-খুদা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সংগঠক কুদরত-ই-খুদাকে ফোবানার বাংলাদেশ সম্মেলনে আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 11:37 AM

Updated : 11 Oct 2022, 02:28 PM

ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)’র চেয়ারপার্সন আজাদুল হক স্থানীয় সময় বুধবার এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফোবানার অপারেটিং প্রসিডিউরের ১৭তম ধারার ওপর ভিত্তি করে নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কুদরত-ই-খুদা ফোবানার কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

টেক্সাসের হিউস্টনে বসবাসরত আজাদুল হক জানান, “আসছে অক্টোবরে মায়ামিতে ফোবানার বাংলাদেশ সম্মেলন হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ অবস্থায় কুদরত-ই-খুদা ফ্লোরিডার মায়ামিতে একই সময়ে ফোবানার বিরুদ্ধে একটি সমাবেশের ঘোষণা দিয়ে সর্বত্র বিভ্রান্তি তৈরি করেছেন।”

তিনি আরও জানান, “এ ধরনের অপতৎপরতা থেকে বিরত হওয়ার অনুরোধ জানানোর পরও তিনি ক্ষান্ত না দেওয়ায় মাস তিনেক আগে তাকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছিলাম। কিন্তু তিনি সেই নোটিশের তোয়াক্কা না করে ফোবানার সময়ে পাল্টা কর্মসূচি অব্যাহত রাখায় ফোবানার নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”

আজাদ উল্লেখ করেন, “এর আগে উপরোক্ত কুদরত-ই-খুদা ফোবানার ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমান কমিটির কোনও পদে তিনি নেই। তবুও আমরা তাকে নিষিদ্ধ করছি ভবিষ্যতের জন্যে।”

“এমন অপতৎপরতা তথা কম্যুনিটিকে বিভক্তির জন্যে যিনি বা যারাই চিহ্নিত হবেন, তাদেরকেই নিষিদ্ধ করা হবে ফোবানায়”-বলেন আজাদ।

এদিকে আগামী অক্টোবরের ৬ তারিখ থেকে তিন দিনব্যাপী ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলন তথা ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা গত শনিবার ফ্লোরিডার ডেলরেবিচ সিটির একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আয়োজক  কমিটির আহ্বায়ক এম রহমান জহীর ও পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।  সভয় সঞ্চালনা করেন সাংস্কৃতিক পরিচালক এ বি এম গোলাম মোস্তফা।

এ সময় প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান জানান, “হোটেলে সবগুলো আসনই রিজার্ভ হয়ে গেছে। এখন চেষ্টা করা হচ্ছে আশপাশের হোটেলের আসনগুলো সংরক্ষণ করার। কানাডা এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এবার মেক্সিকো থেকেও আসছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন স্থান থেকে ৫৬টিরও অধিক সংগঠন আসবে নিজ নিজ পরিবেশনা নিয়ে।”

প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ ও প্রধান পৃষ্ঠপোষক নওশাদ চৌধুরী পৃথক পৃথকভাবে সকলকে অবহিত করেন যে, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি ছাড়াও বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ফোবানা সম্মেলনে আসবেন।

সার্বিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আরও আলোচনা করেন আয়োজক কমিটির নির্বাহী কো-কনভেনর রানা হক, ওসমান চৌধুরী অপু ও একরামুল হক চাকলাদার, কো-কনভেনর নাজমুন মাহফুজ, আজম চৌধুরী, এ কে এম হোসেন হিঠু, আলমগীর কবীর, মিন্টু চৌধুরী, শেখ লিয়াকত আলী, সরকার হারুন, দুলু ভূইয়া, কামাল ভূইয়া ও আমিরুল ইসলাম অপু, নির্বাহী সচিব ফারুক সরকার এবং মোহাম্মদ শাহেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!