২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের জন্য মালয়েশিয়া আ.লীগের ২৫ লাখ টাকার অনুদান

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের জন্য ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 03:57 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

বুধবার সকালে সংগঠনটির এগার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকার এ অনুদান চেক দেন।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের যে কোন দুর্যোগের সময় মালয়েশিয়া আওয়ামী লীগ সব সময় দেশবাসীর পাশে ছিল এবং আগামীতেও থাকবে। নিমতলি অগ্নিকাণ্ডের সময়ও মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে আমরা অনুদান দিয়েছিলাম।”

এর আগে গত ২৪ অগাস্ট বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে বলেন, “আমি আশা করি, আমাদের বিত্তশালীরা এই দুর্গত মানুষের সেবায় পাশে দাঁড়াবে।”

Image
মালয়েশিয়া আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে নেওয়া

মালয়েশিয়া আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে নেওয়া

অনুদানের মধ্যে মালয়েশিয়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২০ লাখ টাকা ও বাংলাদেশ কমিউনিটি জহুর ও জহুর প্রদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান ডাবলু, হুমায়ূন কবির আমির ও আবুল হোসেন, বাংলাদেশ কমিউনিটি জহুরের সভাপতি ও জহুর প্রদেশ আওয়ামী লীগের সহ সভাপতি এস এম আহমেদ সাহাজাহান, সহ সভাপতি মো. ফাহিম, জিল্লাল হুসাইন, সারফিন মিয়া ও মো. শামিম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!