নীল নদ থেকে ভূমধ্যসাগর: সপ্তাশ্চর্য আলেকজান্দ্রিয়ায়
এলার্মের আওয়াজে ঘুম থেকে উঠলাম অনেক কষ্টে। ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে চেক আউট হয়ে নীচে নেমে এলাম।
৯ জুলাই, ২০১৭। সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠেছিলাম সেদিন। হোটেলে আর ফিরবো না, আলেকজান্দ্রিয়া থেকে সাউথ সুদানের ফ্লাইট ধরার জন্য সরাসরি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাব।
ব্যুফে ব্রেকফাস্টটা ছিল দারুণ। এত খাবার ছিলো যে রাক্ষসের পক্ষেও খাওয়া সম্ভব না। কমলার জুস, টোস্ট-অমলেট, বিনস, বিফ সসেজ, দই, মিশরীয় হালুয়া আর কফি দিয়ে শেষ করলাম ব্রেকফাস্ট।
হোটেল সংলগ্ন ব্যাংক থেকে পথ খরচের জন্য কিছু ইউএস ডলার মিশরীয় পাউন্ডে বদলিয়ে নিলাম। এক ইউএস ডলার সমান আঠারো মিশরীয় পাউন্ড। লবিতে এসে দেখি, মোনা আর ড্রাইভার আমার অপেক্ষায় বসে আছে। রওনা দিলাম আলেকজান্দ্রিয়ার পথে।
আলেকজান্দ্রিয়া যাত্রা
আলেকজান্দ্রিয়া, ভূমধ্যসাগর তীরবর্তী বন্দর শহর এবং মিশরের দ্বিতীয় বড় শহর। আলেকজান্ডার দ্যা গ্রেট ৩৩১ খ্রিস্ট পূর্বাব্দে এ শহর প্রতিষ্ঠা করেন। এটি হেলেনীয় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় এবং এক হাজার বছর ধরে হেলেনীয়, রোমান ও বাইজান্টাইন মিশরের রাজধানী ছিল, ৬৪১ খ্রিস্টাব্দে মিশরে মুসলিমদের বিজয়লাভ পর্যন্ত।
আলেকজান্দ্রিয়া সুপরিচিত আলেকজান্দ্রিয়া বাতিঘরের জন্য, এটি প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ছিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। এটি বর্তমানে আধুনিক ভবনে স্থানান্তরিত হয়েছে।
প্রাচীন পৃথিবীতে রোমের পর আলেকজান্দ্রিয়া ছিল দ্বিতীয় বৃহত্তম এবং সমৃদ্ধ নগরী। শহরটিতে গ্রিক-রোমান প্রাচীন নিদর্শন, প্রাচীন ক্যাফে এবং বালুকাময় সৈকত রয়েছে। ভূমধ্যসাগর তীরে ১৫ শতাব্দীতে নির্মিত সমুদ্র সম্মুখবর্তী কাতবে দুর্গ এই শহরের অন্যতম দর্শনীয় স্থান।
কায়রো থেকে আলেকজান্দ্রিয়া ২২০ কিলোমিটার দূরত্বে। আট লেনের আধুনিক মহাসড়ক। কোনো ক্রসিং নেই। সোজা রাস্তা। ছোট ছোট অনেক ফ্লাইওভার-ওভারব্রিজ আছে গাড়ি ক্রসিংয়ের জন্য। ধীরগতির গাড়ির জন্য মূল সড়ক থেকে আলাদা লেন আছে। কোথাও গাড়ি চলাচল বাধাগ্রস্ত হলো না। মাঝখানে আধা ঘণ্টার যাত্রা বিরতি সত্ত্বেও তিন ঘণ্টায় পৌঁছে গেলাম আলেকজান্দ্রিয়া।
দ্যা ক্যাটাকম্বস অভ কোম আল শোকাফা
প্রথমে গেলাম ‘দ্যা ক্যাটাকম্বস অভ কোম আল শোকাফা’ পরিদর্শনে। ‘ক্যাটাকম্ব’ শব্দের বাংলা- ভূ-গর্ভস্থ সমাধিক্ষেত্র।
একটি সমাধির সামনে যেটির দেয়ালে মমিকরণের দৃশ্য চিত্রিত
এটি আলেকজান্দ্রিয়াতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান এবং মধ্য যুগের সপ্তাশ্চর্যের একটি। এটি খ্রিস্টাব্দ দ্বিতীয় শতাব্দীর রোমান সমাধি সৌধ।
ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রে লেখকের পেছনে পাথরে দেব-দেবী
এখানকার ভাস্কর্যগুলো চুনাপাথরের মনোলিথ বা এক প্রস্তরে খোদাইকৃত। অনেকগুলো সমাধিসৌধ, ভাস্কর্য এবং প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন রয়েছে এই স্থান জুড়ে। এই সমাধিসৌধের স্থাপনা এবং ভাস্কর্যগুলো রোমান, গ্রিক এবং মিশরীয় মিশ্র রীতি ও সংস্কৃতিতে তৈরি।
খোদাইকৃত কারুকার্যময় সমাধি
সমাধিসৌধে একটি বৃত্তাকার সিঁড়ি রয়েছে যেটি মৃতদেহগুলো সমাধি সৌধের নীচ পর্যন্ত নেওয়ার জন্য ব্যবহৃত হতো এন্টনীয় সম্রাটদের সময় (খ্রিস্টাব্দ দ্বিতীয় শতাব্দী)। পেঁচানো সিঁড়ি বেয়ে যখন ভূ-গর্ভস্থ সমাধিসৌধে নামলাম।
পেঁচানো সিঁড়ি বেয়ে নামার মূহুর্তে
পাথরের গাঁথুনিতে তৈরি পাশাপাশি সারি সারি সমাধিগুলো যখন দেখছিলাম, তখনকার অনুভূতি বুঝিয়ে বলার নয়। সমাধির শীতল পাথরের দেয়ালগুলো ছুঁয়ে দেখছিলাম, যারা হাজার হাজার বছরের কালের সাক্ষী। আবার সেই নস্টালজিক অনুভূতিটা প্রবলভাবে পেয়ে বসলো।
ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রে গ্রীক পৌরাণিক দেবতা হারকিউলিসের ভাষ্কর্য
পম্পেই’স পিলার
পম্পেই’স পিলার হচ্ছে আলেকজান্দ্রিয়াতে নির্মিত রোমানদের বিজয়স্তম্ভ। রোম এবং কন্সট্যান্টিনোপালের বাইরে রোমানদের নির্মিত এটিই বড় স্তম্ভ। এটি প্রাচীন পৃথিবীর অন্যতম বৃহত্তম মনোলিথ বা এক প্রস্তরে খোদাইকৃত স্তম্ভ। এটি ২৯৭ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
পম্পেইস পিলার জুড়ে ভাস্কর্য
রোমান সম্রাট ডাইয়োক্লেতিয়ান (২৪৫-৩১৩ খ্রিস্টাব্দ) আলেকজান্দ্রিয়াতে একটি বিদ্রোহ বিজয়কে স্মরণীয় করে রাখতে এটি নির্মাণ করেন। এটির ভিত্তি থেকে চূড়া পর্যন্ত ২৬ দশমিক ৮৫ মিটার উচ্চতা বিশিষ্ট। এই স্তম্ভ স্থানটির উপত্যাকা জুড়ে আশেপাশে অনেকগুলো প্রাচীন রোমান ভাস্কর্য রয়েছে।
পম্পেইস পিলার জুড়ে ভাস্কর্য
দ্যা সিটাডেল অভ কা’তবে বা দ্যা ফোর্ট অভ কা’তবে।
এরপর চলে গেলাম ভূমধ্যসাগর তীরবর্তী কা’তবে দুর্গ দেখতে। ১৪৭৭ খ্রিস্টাব্দে নির্মিত সমুদ্র সম্মুখবর্তী কা’তবে দুর্গ। এই প্রতিরক্ষামূলক দুর্গটি নির্মাণ করেন সুলতান আল আশরাফ সাইফ আল দিন কা’তবে। সমুদ্র পথে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ ও আক্রমণ প্রতিহত করতে এটি নির্মিত হয়।
ফটক পেরিয়ে মূল দূর্গ
এটি শুধু আলেকজান্দ্রিয়া নয়, বরং ভূমধ্যসাগর তীরবর্তী অন্যতম শ্রেষ্ঠ প্রতিরক্ষামূলক সুরক্ষিত দূর্গ। দূর্গের মূল ফটক পেরিয়ে নয়নাভিরাম বিশাল এক লন পেরিয়ে মূল দূর্গের ভেতর ঢুকলাম।
দুর্গের দ্বিতীয় তলায়
দূর্গের প্রতিরক্ষা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা সত্যিই অবাক করার মত! কী নিপুণ এবং চমৎকার নির্মাণশৈলী! এতোদিন এ ধরনের দূর্গ শুধু সিনেমাতে দেখেছি আর বইয়ে পড়েছি।
দুর্গের দ্বিতীয় তলা থেকে ভূমধ্যসাগর
দূর্গটি তিনতলা বিশিষ্ট। দ্বিতীয়তলায় অনেকগুলো ছোট ছোট পর্যবেক্ষণ জানালা রয়েছে, যা দিয়ে সমুদ্র অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু বাইরে থেকে এই জানালাগুলো দেখা বা বোঝার উপায় নেই। অবাক করা ভেন্টিলেশন ব্যবস্থা!
দুর্গের দ্বিতীয় তলায় একটি পর্যবেক্ষণ জানালার সামনে
নিচতলার কোন একটি সুড়ঙ্গ দিয়ে সমুদ্রের বাতাস এসে পুরো দূর্গে ছড়িয়ে পড়ছিল। দূর্গের দ্বিতীয় তলার ছাদের এক অংশ থেকে বিশাল ভূমধ্যসাগরের অনেকদূর পর্যন্ত দেখা যায়। দৃষ্টি সুখকর মনোরম সে দৃশ্য, বিশাল নীলাকাশের নীচে তার চেয়েও নীল সমুদ্র!
একটি পর্যবেক্ষণ জানালা থেকে ভূমধ্যসাগর
দ্বিতীয় তলায় একটি গর্ত, শত্রু পক্ষের উপর গরম তেল ঢালার জন্য তৈরি
কা’তবে দূর্গ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে কিছুটা হেঁটে ভূমধ্যসাগর তীরে একটি ঘাটের মতো দেখলাম, যেখানে চেয়ার পাতা ছিল। আমি আর মোনা গিয়ে বসলাম। আরও অনেক মিশরীয় পরিবার ছিল ওখানে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল। ফুটপাথ জুড়ে নানা পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। আমি কিছু স্যুভেনির টাইপের জিনিস কিনলাম।
ভূমধ্যসাগরের কাছাকাছি
এরপর লাঞ্চের জন্য মোনা আমাকে নিয়ে গেল সমুদ্র তীরবর্তী দ্যা ফিস হাউজ নামক একটি রেস্টুরেন্টে। কমপ্লিমেন্টারি লাঞ্চটি আমার ট্যুর অপারেটরের পক্ষ থেকে।
ভূমধ্যসাগরের তাজা মাছের স্যুপ এবং বার বি কিউ দিয়ে লাঞ্চ
ভূমধ্যসাগরের চিংড়ি মাছ দেওয়া স্যুপ, নাম না জানা বারবিকিউ করা মাছ, খোলসযুক্ত এক ধরনের মাছ যেটি খোলস খুলে খেতে হয়, কয়েক প্রকারের সালাদ, রাইস আর আরবীয় খবুজ রুটি দিয়ে লাঞ্চ সারা হল।
ভূমধ্যসাগরের তাজা মাছের স্যুপ এবং বার বি কিউ দিয়ে লাঞ্চ
মাছের বারবিকিউটি ছিল অসাধারণ। খুব উপভোগ করেছিলাম তাজা মাছ দিয়ে লাঞ্চ। ঘড়িতে ততক্ষণে বিকেল চারটা বেজে গেছে। রওনা দিলাম কায়রোর উদ্দেশ্যে।
আলেকজান্দ্রিয়ার একটি জ্যুস বারে গাইড মোনা সহ
রাত ৮টায় গিয়ে পৌঁছালাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মোনা ও ড্রাইভার মোহাম্মদ থেকে বিদায় নিয়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টে। পরবর্তী গন্তব্য আমার কর্মস্থল ইউএন মিশন, জুবা, সাউথ সুদান।
মিশর থেকে বিদায় নিলেও সাথে নিয়ে এলাম একরাশ উজ্জ্বলতম-সুন্দরতম স্মৃতি, আমি নিশ্চিত যা অমলিন থাকবে আমৃত্যু।
তথ্যসূত্র: ট্যুর অপারেটরের দেওয়া বুকলেট ও গাইড মোনার বর্ণনা
লেখক: বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, দক্ষিণ সুদান
ই-মেইল: anwarsattar72@yahoo.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
