নিউ ইয়র্কে বাংলাদেশ সম্মেলন সেপ্টেম্বরের শুরুতে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’।
স্থানীয় সময় ১ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে ৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত।
‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’- এই স্লোগানকে সামনে রেখে কনভেনশন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে বেলোজিলো মিলনায়তনে।
এ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির আলোকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে এক সভা হয়েছে।
সভায় বাংলাদেশ সম্মেলনের কনভেনর আলমগীর খান আলম বিস্তারিত তথ্য জানান। এ সময় সংগঠকদের মধ্যে আরও ছিলেন আহসান হাবীব, সেলিম ইব্রাহীম, খায়রুল ইসলাম খোকন, খান শওকত, মোহাম্মদ আমজাদ হোসেন সেলিম, বিল্লাল চৌধুরী, সাদেক শিবলী, মিসবাহউজ্জামান, মিনা ইসলাম, রুবিনা শিল্পী ও ফাতেমা খাতুন।
মেলা ও সম্মেলনের কোনো অনুষ্ঠানেই টিকিট লাগবে না বলে জানায় আয়োজকরা। এছাড়া সম্মেলনের প্রথম দিন যেহেতু ঈদ-উল-আজহা, তাই কোরবানি করা হবে সম্মেলন প্রাঙ্গণেই এবং কোরবানির মাংস দিয়ে আপ্যায়ন করা হবে।
মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসাসহ নানা কর্মকাণ্ডের সাথে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে আসর সাজানো হয়েছে বলে সভায় জানানো হয়।
