কোরিয়ায় বসে নিরাপদ স্বদেশের স্বপ্ন
কোরিয়ান ভাষায় ‘বোআন’ শব্দটির সাথে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব কিছুই যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ‘বোআন’ শব্দের মানে ‘নিরাপত্তা’।
একটা ছোট্ট শিশুকে নিরাপদে আগলে রাখার জন্য যেমন বাবা-মায়ের তথা পরিবারের উপর দায়িত্ব আরোপিত হয়, ঠিক তেমনি সমাজ তথা রাষ্ট্রকে নিরাপদে চালিত করার জন্য দায়িত্ব আরোপিত হয়েছে পুলিশ ওরফে জনগণের বন্ধুর ওপর।
‘জনগণের বন্ধু’- কথাটি শুনে একটু বিরক্ত হলেন বুঝি। আমিও জানি, এখন এ কথাটি হয়তো আর মানতে চাই না। কিন্তু ভাল-মন্দ সবকিছু মিলেই তো আমাদের সমাজ।
প্রবাস জীবনে এসে নিরাপত্তার জীবন দেখে বেশ একটু অবাকই হলাম। হয়তো অবাক হবার কিছুই নেই, কারণ এটাই বাস্তবতা হওয়া উচিত সকল দেশেই। কোরিয়ান পুলিশ বা হাঙ্গুক গেয়াংসাল সমাজ বা রাষ্ট্রের নিরাপত্তায় খুবই সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
যে কোনো সময় কোরিয়ার যে কোনো প্রান্তে আপনি যেন দ্রুত এদের সেবা পেতে পারেন, সেজন্য রয়েছে বিভিন্ন জরুরি নম্বর। এ সেবা আপনি আপনার মোবাইল থেকেই নিতে পারবেন। কোরিয়ান পুলিশদের সাথে যে কোনো দরকারে যোগাযোগের জন্য আছে ১১২, তথ্য সার্ভিস এর জন্য ১১৪, বিদেশিদের সেবায় ১২০ ইত্যাদি সেবা। আর শুধু যোগাযোগই শেষ নয়, যত দ্রুত সম্ভব দায়িত্ব পালনে বেরিয়ে পড়েন তারা।
পৃথিবীর নারী নিরাপত্তায় সেরা শহরের মধ্যে দক্ষিণ কোরিয়ার সউল শহর একটি। রাত যতই হোক, এখানে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং সবার নিরাপত্তার জন্য প্রায় মোড়েই পাওয়া যায় পুলিশের গাড়ি। কোনোরকম ঝামেলা চোখে পড়া মাত্রই যেন দ্রুত তারা ব্যবস্থা নিতে পারেন। আর এজন্য আমি নিজেও মাঝে মাঝে ল্যাবরেটরি থেকে রাত দুই-তিনটা নাগাদ বের হই বাসায় যাবার উদ্দেশ্যে।
রাস্তায় মাতাল আর পাগলের ভয় বেশিরভাগ মানুষেরই আছে। মাঝে মাঝে এরকম পরিস্থিতির সম্মুখীন হলে বেশ ভীত হয়ে পড়তে হয়। কিন্তু দেখা যায়, সঠিক সময়ে পুলিশ এসে তাদেরকে দায়িত্ব নিয়ে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আর পথচারীদের সমস্যা থেকে মুক্তি দেয়।
কেনাকাটার আগ্রহ একটু বেশি থাকায় ভিড়ের ভেতর ঢুকে যাই নিজের পছন্দ মতো জিনিস কিনতে। হঠাৎই আমার জ্যাকেটের পকেট থেকে কেউ পার্সটি উঠিয়ে নেয়। ওখানে ছিল আমার সব আইডি ও ব্যাংক কার্ডসহ অনেক কিছু।
বেশ কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি পার্সটি নেই। হঠাৎ আমি অসহায় হয়ে পড়ি। কী করব বুঝতে পারছিলাম না। আশেপাশে খোঁজাখুঁজির পর না পাওয়াতে এক কোরিয়ান আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। আমি সেভাবে কোরিয়ান ভাষায় অভিজ্ঞ না হওয়ার কারণে তিনিই পুলিশকে ফোন করেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এসে হাজির হয়। এত দ্রুত সার্ভিস!
ওখানে কোনো সিসি ক্যামেরা না থাকায় তারা আমাদেরকে গাড়িতে করে থানায় নিয়ে যায় এবং সকল প্রকার হারানো জিনিসের কিছু কাগজপত্র তৈরি করে দেয়। আবার তারাই আমাকে সাহায্য করেন সকল ব্যাংক হিসাব কার্ড বন্ধ করার জন্য।
একটা কথাই মনে আসছিলো তখন, এরাও মানুষ আর আমরাও! তবে কত ব্যাবধান। ব্যক্তি স্বার্থ যখন জনস্বার্থের ঊর্ধ্বে চলে যায়, তখন মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। আমি বলছি না আমাদের সবাই খারাপ। ভালো মানুষও আমাদের সমাজে বিদ্যমান। কিন্তু কিছু খারাপের জন্য আমাদের ভালদেরকেও মানুষ আজ অবিশ্বাস করতে শুরু করেছে।
আমাদের মাঝে এখনও সৎ-নিষ্ঠাবান জনগণের বন্ধু আছেন, যারা সমাজ তথা রাষ্ট্রের সেবায় নিজেকে বলিদান দিতে প্রস্তুত। আমাদের সমাজ তথা দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন সেই সব জনগণের বন্ধু তথা পুলিশদের। যারা মানুষের দ্বারপ্রান্তে এসে মরিয়া হয়ে থাকবে একটি সঠিক ও সুষ্ঠু সেবা দেওয়ার জন্য।
কোরিয়ার পথে পথে ঘুরে আমিও স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের রূপচিত্র। একটি দিন শেষে একটি সাধারণ লক্ষ্য হোক সবার, ‘চাই নিরাপত্তা’। যা আপনাআপনি আসে না, কিছু পদ্ধতির মাধ্যমে মানুষকেই সেটা প্রতিষ্ঠা করতে হয়। গড়ে উঠুক আমাদের এই মানসিকতা।
লেখক: প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
