২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ফুলবাড়ি দিবস পালিত

‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, যুক্তরাজ্য শাখা’র উদ্যোগে লন্ডনে ফুলবাড়ি দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আখতার সোবহান মাসরুর, যুক্তরাজ্য থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 10:38 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন মুখলিছুর রহমান।

সভা পরিচালনা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, যুক্তরাজ্য শাখার সদস্য সচিব আখতার সোবহান মাসরুর।

সভার শুরুতে ফুলবাড়ির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয় এবং জিসিএমকে বাংলাদেশ থেকে বহিস্কার,মিথ্যা মামলা প্রত্যাহার, ফুলবাড়ী চুক্তির ৬ দফার পূর্ণ বাস্তবায়ন ও কয়লার বিকল্প হিসেবে নবায়রযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়।

সভায় আখতার সোবহান মাসরুর বলেন, “লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত, ১২ হাজার হেক্টর কৃষি জমি ধ্বংস, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি এবং বাংলাদেশের জন্য ছয় শতাংশ অংশীদারিত্বে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতির কয়লা উত্তোলন বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না। অগ্রসর দুনিয়া যখন কয়লা বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশ তখন কয়লাভিত্তিক নোংরা জ্বালানির পথে যাচ্ছে।”

মোস্তফা ফারুক বলেন, “২০০৬ সালের গণঅভ্যুত্থানে এশিয়া এনার্জি বিতাড়িত হলে সরকার গোপনে এখনও তাদের মদদ দিয়ে চলেছে। এশিয়া এনার্জি নাম বদলে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট হয়ে সরকারী মদদে বাংলাদেশে অফিস রেখে আন্দোলনের সংগঠকদের বিরদ্ধে হয়রানিমূলক মামলা চালাচ্ছে।”

সভায় মুখলিছুর রহমান বলেন, “লন্ডনভিত্তিক জিসিএম একটা অফিস সর্বস্ব প্রতারক কোম্পানি। বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি ছাড়াই তারা ফুলবাড়ি কয়লা প্রকল্প দেখিয়ে  লন্ডনে অলটারনেটিভ শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহ করছে। শেয়ার বাজার থেকে প্রথমে এশিয়া এনার্জির নামে ১৪ মিলিয়ন ও পরে নাম পাল্টে জিসিএমের নামে আরও ৩৩ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছে। বাংলাদেশ সরকার চুপ থেকে জিসিএমকে লন্ডন শেয়ার মার্কেটে প্রতারণায় সহায়তাই করছে।”

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিতব্য জিসিএমের বার্ষিক সাধারণ সভা চলাকালে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসহাক কাজল, মোস্তফা ফারুক, নিসার আহমেদ, গোলাম কবির, এম জামান, জাহানারা রহমান ও রহিমা খাতুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।