কাতারে ‘বিদ্যুতস্পৃষ্ট’ হয়ে বাংলাদেশির মৃত্যু
কাতারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তার নাম মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়ার হাবিবুল্ল্যা মেম্বার বাড়ি, পিতার নাম নবী উল্ল্যা।
স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হোম-সালাল মোহাম্মদ এলাকায় নিজ রুমে বৈদ্যুতিক কাজ করার সময় ওমর ফারুক তড়িতাহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসার আগে ফারুক মারা যান বলে তার সহকর্মীরা জানান।
প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কাতারের দোহা হামাদ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ওমর ফারুকের চাচাতো ভাই সাহেদ আহমেদ গাদ্দাফি বলেন, “ফারুক দীর্ঘদিন ধরে মুনছুর আল মুনছুর কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করছিলেন।”
সব আইনি প্রক্রিয়া শেষ করে এ প্রবাসী যুবকের লাশ দেশে আনা হবে বলে জানান নিহতের পরিবার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
