নীল নদ থেকে ভূমধ্যসাগর: অভিশপ্ত মমি
ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, এটি প্রাচীন মিশরীয় সম্রাটদের উপাধি। ফেরাউন রাজবংশের ১৮তম ফেরাউন তুতেনখামেন।
ফেরাউন তুতেনখামেন
তুতেনখামেনের রাজত্বকাল খ্রিস্টপূর্ব ১৩৩২ থেকে ১৩২৩ পর্যন্ত। মাত্র ১০ বছর বয়সে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। তাঁর শাসনকাল ছিল আট বছর এবং মাত্র ১৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ২০১০ সালে তাঁর মমির ডিএনএ টেস্টে দেখা যায়, মৃত্যুর পূর্বে তিনি ম্যালেরিয়ায় ভুগছিলেন। যদিও কোনো কোনো ঐতিহাসিক বিশ্বাস করেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
ফরেনসিক বিশেষজ্ঞদের তৈরিকৃত ফেরাউন তুতেনখামেনের মুখাবয়ব
ফেরাউন তুতেনখামেনের মা তাঈ-এর মমি
কায়রো মিউজিয়ামে ফেরাউন তুতেনখামেনের রত্নখচিত ‘ডেথ মাস্ক’
ফেরাউন তুতেনখামেনের মমির সাথে পাওয়া রত্ন
এছাড়াও ফেরাউন তুতেনখামেনের রাজকীয় সিংহাসন, রাজকীয় বিছানা, পাদুকা, তৈজসপত্র, ছাতা, যুদ্ধাস্ত্র, রানিদের ব্যবহৃত গয়না, কাপড় রাখার বাক্স, পালকি, বিভিন্ন মূর্তি ও ভাস্কর্যসহ বিভিন্ন জিনিসপত্র কায়রো মিউজিয়ামে সংরক্ষিত আছে।
ফেরাউন তুতেনখামেনের রাজকীয় স্বর্ণের খাট
পিরামিড
মিউজিয়াম থেকে রওনা দিলাম গিজা পিরামিড কমপ্লেক্সের উদ্দেশ্যে। কায়রো মূল শহর থেকে ১৩ কিলোমিটার দূরত্বে লিবিয়ান মরুভূমিতে গিজা পিরামিড কমপ্লেক্স অবস্থিত। এখানে মোট ছয়টি পিরামিড রয়েছে, যার তিনটি বিশালায়তনের এবং তিনটি ছোট আকৃতির।
পিরামিড প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। সবচেয়ে বড় পিরামিডটি ‘দ্যা গ্রেট পিরামিড’, ‘পিরামিড অভ খুফু’ অথবা ‘পিরামিড অব চিওপস’ নামেও পরিচিত। এটি ফেরাউন খুফু নির্মাণ করেছিলেন তাঁর সমাধি হিসেবে।
খুফু ছিলেন চতুর্থ ফেরাউন রাজবংশের দ্বিতীয় ফেরাউন (খ্রিস্টপূর্ব ২৫৮৯-২৫৬৬)। খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে ১০-২০ বছর সময় নিয়ে এটি নির্মিত হয় বলে ঐতিহাসিকরা বিশ্বাস করেন। এটি ১৪৬ দশমিক ৫ মিটার বা ৪৮১ ফিট উচ্চতাবিশিষ্ট। ৩ হাজার ৮০০ বছর পূর্বে এটিই মনুষ্যনির্মিত সবচেয়ে উঁচু স্থাপনা।
লিবিয়ান মরুভূমির ৪৪-৪৫ ডিগ্রি গরমে কাহিল হয়ে গিয়েছিলাম। এর মধ্যে গত রাতে বিমানযাত্রায় প্রায় ঘুমাইনি বললেই চলে এবং এয়ারপোর্ট থেকে সরাসরি সাইট ভিজিট শুরু করে দিয়েছি কোনো বিশ্রাম ছাড়া।
পিরামিডগুলো ভালোভাবে ঘুরে দেখার জন্য ঘোড়ার গাড়ি ও উটের ব্যবস্থা ছিল। একটি উট ভাড়া করলাম সহিসসহ। আমার মাথায় আরবীয় স্কার্ফ পরিয়ে দিলো সহিস। চেহারায় একটা আরবীয় ভাব এসে গেল।
বিশাল একটা উটের পিঠে উঠলাম আমি। সহিস উঠল ছোট একটি উটে, আমার আগে আগে পথ দেখিয়ে চলল সে। তপ্ত মরুভূমিতে লু হাওয়া বইছিল। উটের পিঠে যাত্রায় আমার মনে এক অবর্ণনীয় অনুভূতি তৈরি হয়েছিল। এই আরবীয় মরুভূমি আর ‘মরুভূমির জাহাজ’ উটের সম্বন্ধে কত গল্প পড়েছি আর শুনেছি, তারপর কল্পনার জাল বুনেছি। সেই কল্পনা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক।
উটের পিঠে মরু ভ্রমণ
সবচেয়ে বড় পিরামিডটির সামনে লেখক
একনজরে ছয় মিরামিড
দ্যা গ্রেট স্ফিংস
এরপর ‘দ্যা গ্রেট স্ফিংস’ দেখতে গেলাম। এটি বিশালায়তন প্রস্তরমূর্তি। মুখাবয়ব ফেরাউন রাজা খাফরের, যিনি ‘ফেরাউন শেফরেন’ নামেও পরিচিত। আর দেহ হচ্ছে সিংহের। প্রজ্ঞা, জ্ঞান আর শক্তির সম্মিলিত প্রতিকী নিদর্শন এটি।
এটি চুনাপাথরে খোদাইকৃত মনোলিথ বা এক প্রস্তরে নির্মিত মূর্তি। এটিকে ইংরেজিতে ‘দ্যা টেরিফাইয়িং ওয়ান’ বা ‘ফাদার অব ড্রেড’ বলা হয়। বাংলা করলে দাঁড়ায়- ভয়ঙ্কর বা আতঙ্কের মূর্তি।
ফেরাউন খাফরের মূর্তির সামনে কায়রো মিউজিয়ামে
পায়ের থাবা থেকে লেজ পর্যন্ত এটি ২৩৮ ফিট (৭৩ মিটার) লম্বা এবং ভিত্তি থেকে মাথা পর্যন্ত এটির উচ্চতা ৬২ দশমিক ৬ ফিট (১৯ মিটার)। এটি মিশরের প্রাচীনতম স্মৃতিসৌধ ও ফেরাউন খাফরের রাজত্বকালে (খ্রিস্টপূর্ব ২৫৫৮-২৫৩২) এটি নির্মিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। এটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিস্ময়কর ভাস্কর্য মনে করা হয়। এটি খনন করে আবিষ্কার করতে ১৯২৫ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত লেগে গিয়েছিল।
প্রাচীন মিশরীয়রা এই মূর্তিকে পূজা করত দেবতাজ্ঞানে। আমার গাইড মোনা বলছিলো, দ্যা গ্রেট স্ফিংস বা আতংকের মূর্তি নির্মাণ করা হয়েছিল মূলত পিরামিডগুলোর এবং এর অভ্যন্তরে সমাধিস্থ (মমিকৃত)ফেরাউনদের সাথে দেওয়া ধন-রত্ন চোর-দস্যুদের লুটতরাজ থেকে রক্ষার পাহারাদার হিসেবে। দ্যা গ্রেট স্ফিংসের আতংকে চোর দস্যুরা পিরামিডের আশেপাশে ঘেঁষতে সাহস পেত না।
প্যাপিরাস মিউজিয়ামে
‘দ্যা গ্রেট স্ফিংস’ দেখা শেষ করে চলে গেলাম প্যাপিরাস মিউজিয়ামে। যদিও মোনা বলছিলো মিউজিয়াম, কিন্তু এটিকে আসলে মিউজিয়াম না বলে প্যাপিরাসের বিভিন্ন শিল্পকর্মের সংগ্রহশালা ও বিক্রয় প্রতিষ্ঠান বলা যায়।
ছবি ১৩- প্যাপিরাসের শিল্পকর্ম প্যাপিরাস মিউজিয়ামে
‘প্যাপিরাস’ পুরু কাগজের মত উপাদান, যা প্রাচীনকালে লেখার কাগজ হিসেবে ব্যবহৃত হত। এই উপাদান প্যাপিরাস গাছের তরুমজ্জা থেকে তৈরি হয়। ইংরেজি ‘পেপার’ শব্দটি এই ‘প্যাপিরাস’ থেকে এসেছে। খ্রিস্ট পূর্বাব্দ তৃতীয় শতাব্দীতে প্যাপিরাসে প্রথম আনুষ্ঠানিক চিঠি মিশরেই ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়।
মিউজিয়ামের কর্মী খালিদ আস্ত প্যাপিরাস গাছ থেকে কীভাবে লেখার পুরু কাগজের মত উপাদান তৈরি করা হয়, তা দেখালো। এই প্যাপিরাস লেখা ছাড়াও প্রাচীন মিশরীয়রা নৌকা, ম্যাট, দড়ি, আসবাব, স্যান্ডেলসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করত।
আমি প্যাপিরাসে লিখিত আয়াতুল কুরসি কিনলাম, এটিতে এমন কালি ব্যবহার করা হয়েছে যা অন্ধকারেও জ্বল জ্বল করে। বেশ দামাদামি করে এবং দাম দিয়েই কিনতে হলো। ওরা অবশ্য প্রাচীন মিশরীয় চিত্রকর্মের অনুকরণে আঁকা প্যাপিরাসের একটি চিত্রকর্ম উপহার হিসেবে দিয়ে দিল। একটি কিনলে একটি ফ্রি টাইপের ব্যাপার।
এরপর গ্র্যান্ড পিরামিড হোটেলে যখন ফিরলাম, ঘড়িতে তখন বিকেল ৫টা। মোনা বিদায় নিলো আর জানালো সে আসবে আগামীকাল সকাল ৮টায় আমার আলেকজান্দ্রিয়া ভ্রমণের গাইড হিসেবে। সন্ধ্যা ৭টায় ড্রাইভার মোহাম্মদ (নামটি এখানে কমন) আসবে আমাকে নীল নদে রিভার ক্রুজে নিয়ে যাবে এবং হোটেলে ফিরিয়ে দিয়ে যাবে।
হোটেল বিল্ডিং-এর সামনেই টলটলে নীল জলের সুইমিং পুল। ক্লান্ত অবসন্ন আমার ইচ্ছা হচ্ছিল ঝাঁপিয়ে পড়ি। রুমে পৌঁছে গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে শীতল বিছানায় ঝাঁপিয়ে পড়লাম। বেশ রাজসিক ছোটোখাটো স্যুইট টাইপের রুম।
এলার্মের আওয়াজে ঘুম ভাঙ্গলো। উঠতে বেশ কষ্ট হচ্ছিল। দেড় ঘণ্টার ঘুমে কি আর পুরো রাত না ঘুমানোর ঘাটতি পূরণ হয়? যাই হোক, উঠে তৈরি হয়ে লবিতে এসে দেখি ড্রাইভার মোহাম্মদ অপেক্ষা করছে।
নীল নদে রিভার ক্রুজ
ঘণ্টাখানেক চলার পর কায়রো শহরতলীতে নীল নদের ক্রুজ শিপের ঘাটে পৌঁছালাম। ঘাটে চেয়ার পাতা ছিল, বসে নীল নদের তীরে মৃদু মন্দ হাওয়ায় রাতের কায়রো শহর দেখছিলাম।
নদীর পাড় বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, কোনো বাজে গন্ধ নেই। আমাদের ঢাকা শহরের বুড়িগঙ্গার তীর বা চট্টগ্রাম শহরের কর্ণফুলীর তীরে এমন পরিষ্কার পরিবেশ চিন্তাই করা যায় না। কিছুক্ষণ পর অন্ধকারের বুক চিরে নানা বর্ণের আলোকসজ্জিত একটি ক্রুজ শিপ এসে ভিড়ল ঘাটে। মনে হচ্ছিল যেন কোনো রূপকথার জাহাজ।
নীল নদের ক্রুজ শিপ
আরবি কথাবার্তা আর বেশভূষায় বুঝলাম, মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের পর্যটক এরা। ইউরোপিয়ান, প্রাচ্যের বা পাশ্চাত্যের কোনো দেশের পর্যটক ক্রুজ শিপে দেখলাম না। তবে পিরামিড আর মিউজিয়ামে প্রচুর ইউরোপিয়ান, প্রাচ্য আর পাশ্চাত্যের বিভিন্ন দেশের পর্যটকদের দেখেছিলাম।
ইতোমধ্যে যন্ত্রীরা হাজির, আরবীয় সুরের তালে তালে একটি ১৪-১৫ বছরের বালক এলো। ঐতিহ্যবাহী নাচ আর বাদন, অপূর্ব! এরপর ২৫-৩০ বছরের এক যুবকও প্রায় একই রকমের নাচ দেখালো। তবে বিশষত্ব হচ্ছে, এই যুবক দুই হাতে দুইটি থালা নিয়ে নাচছিলো, কিন্তু থালা পড়ে যাচ্ছিলো না।
এরপর এলো স্বল্পবসনা মিশরীয় সুন্দরী বেলি নর্তকী। সে এক জাদুর সুর আর মোহনীয় নাচ। মনে হচ্ছিলো, প্রাচীন কোনো মিশরীয় রাজদরবারে রাজ-সভাসদদের সামনে কোনো অপ্সরী নাচছিলো প্রাচীন সুরে। পরিবেশটা ছিলো এমন, বিভিন্ন আরবীয় পরিবার তাদের বাচ্চাকাচ্চা, হিজাব ও নেকাব পরিহিত মহিলা সদস্যসহ স্বল্পবসনা বেলি নর্তকীর নাচ উপভোগ করছিল। কাউকে লজ্জিত হতে দেখলম না। তারা উপভোগ করছিল শুধু ঐতিহ্যবাহী নাচ আর বাদ্য-বাজনা।
ঐতিহ্যবাহী নাচ
ব্যুফে ডিনার ডেজার্ট
মৃদু মন্দ হাওয়ায় রাতের কায়রো আর নীল নদকে কেনো জানি খুব আপন মনে হচ্ছিলো। মনে হচ্ছিলো, যেন কতোদিনের চেনা। ক্রুজ শিপ যখন ঘাটে ফিরে আসল, ঘড়িতে তখন রাত পৌনে এগারোটা। ড্রাইভার মোহাম্মদ অপেক্ষা করছিল। রাত ১২টার কিছু আগে হোটেলে পৌঁছালাম। ক্লান্ত অবসন্ন আমাকে পরিপাটি বিছানা টানছিল। শীতল রাজকীয় রুমে রাজকীয় ঘুমে ডুবে গেলাম।
চলবে...
তথ্যসূত্র: ট্যুর অপারেটরের দেওয়া বুকলেট ও গাইড মোনার বর্ণনা
লেখক: বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, দক্ষিণ সুদান
ই-মেইল: anwarsattar72@yahoo.com
এই লেখকের আরও পড়ুন
