জাতীয় কমিটির ‘ইউরোপীয় অ্যাকশন গ্রুপ’ গঠিত
জার্মানির বার্লিনে সুন্দরবন সংহতি ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ইউরোপীয় কনভেনশনে অংশ নেওয়া দেশগুলোকে নিয়ে ‘ইউরোপীয় অ্যাকশন গ্রুপ’ গঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র বার্লিন সম্মেলনের শেষ দিনে গঠিত এ গ্রুপের সমন্বয়ক নির্বাচিত হন মোস্তফা ফারুক।
জাতীয় কমিটির আন্দোলনের স্বপক্ষে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জনমত গড়ে তোলা, ইউরোপীয় রাজনৈতিক-সামাজিক শক্তিগুলোর সাথে যোগাযোগ গড়ে তোলা ও ইউরোপের বিভিন্ন দেশে গড়ে ওঠা জাতীয় কমিটির কার্যক্রমের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এই গ্রুপ কাজ করবে বলে জানায় সংস্থাটি।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই কনভেনশনে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন থেকে ৮০ জন প্রতিনিধি অংশ নেন।
বর্লিন কনভেনশনের সমাপ্তি অধিবেশনে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “রামপাল প্রকল্প কেবল সুন্দরবন ধ্বংস করবে না। তা বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে একটা স্থায়ী ক্ষত সৃষ্টি করবে।”
‘ইউরোপীয় অ্যাকশন গ্রুপের সমন্বয়ক মোস্তফা ফারুক
কনভেনশনে জাতীয় কমিটি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স ও গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বক্তব্য দেন।
কনভেনশনের এই অধিবেশনে বার্লিন ঘোষণা উত্থাপন করেন দেবাশীষ সরকার। অধিবেশনে আরও বক্তব্য দেন জার্মানির বাবুল সৈয়দ, যুক্তরাজ্যের মুখলিছুর রহমান, আখতার সোবহান মাসরুর, রফিকুল হাসান, গোলাম কবির, সেলিম ভূইয়া ও সাহিদা সুলতানা।
এছাড়া আরও বক্তব্য দেন ইতালির শিপলু আহাত শামুল, ফ্রান্সের নিলয় সূত্রধর সুমন, সুইডেনের বসিত চৌধুরী, নরওয়ের আশরাফুল হক আবির ও নেদারল্যান্ডসের অনুপম সৈকত শান্তসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
