২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদকে শ্রদ্ধা

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদকে শ্রদ্ধা জানিয়ে ‘শোক-শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এক অনুষ্ঠান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 10:19 AM

Updated : 11 Oct 2022, 02:26 PM

স্থানীয় সময় শুক্রবার সদ্য প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তাঁর সহযোদ্ধারা।

গত বুধবার ভোরে লস এঞ্জেলেসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুর আহমেদ।

অনুষ্ঠানে একাত্তরের মঞ্জুরের সাথে স্মৃতিচারণ করেন প্রখ্যাত শিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও কণ্ঠযোদ্ধা শহীদ হাসান।

প্রয়াত মঞ্জুর আহমেদ দুই যুগেরও বেশি সময় ধরে লস এঞ্জেলেসে বাস করছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা নাজমুন্নেসা পিয়ারি।

কণ্ঠযোদ্ধার স্মৃতিচারণ করে আলোচনায় আরও অংশ নেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

আলোচনা শেষে মঞ্জুর আহমেদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের নেতৃত্বে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ আওয়াল, এইচ এম শহীদ, কানু দত্ত ও গোপাল সান্যাল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।