২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীল নদ থেকে ভূমধ্যসাগর: তুতেনখামেনের ধন-সম্পদের সামনে

৭ জুলাই, ২০১৭। ২২ দিনের ছুটি শেষে কর্মস্থল দক্ষিণ সুদান ইউএন মিশনের উদ্দেশ্যে রওনা হলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনোয়ার সাত্তার, দক্ষিণ সুদান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 08:11 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

ঢাকা থেকে দুবাই হয়ে মিশর, মিশরে দু’দিন যাত্রা বিরতি। তারপর কায়রো থেকে দক্ষিণ সুদানের রাজধানী জুবা, অনেক লম্বা যাত্রা। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাত ১টা ১৫ মিনিটে এমিরেটসের ফ্লাইট যখন দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিলো ক্যালেন্ডারের তারিখ পাল্টে হয়ে গেছে ৮ জুলাই, ২০১৭।

৫ ঘণ্টার বিমান যাত্রা শেষে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছালাম স্থানীয় সময় ভোর ৪ টায়। দুবাইয়ের সময় সকাল সোয়া ৮টায় এমিরেটসের কায়রোর ফ্লাইট। সোয়া চার ঘণ্টার যাত্রাবিরতি।

বিশাল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট! এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য ট্রেন সার্ভিস পর্যন্ত আছে। বিশাল কিন্তু ঝকঝকে তকতকে। নানা বর্ণের, নানা রঙের, নানা দেশের হাজার হাজার যাত্রী আসছে পৃথিবীর নানা প্রান্ত থেকে আর যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে। সে অন্য এক জগৎ!

কায়রো অবতরণ

৮ জুলাই, ২০১৭। দুবাই থেকে সকাল ৮টা ১৫ মিনিটে এমিরেটসের কায়রোর ফ্লাইট উড়াল দিল। ৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে মিশরের সময় সকাল সোয়া ১০টায় কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। দুবাই এয়ারপোর্টের মতো বিশাল না হলেও কায়রো বিমানবন্দরও কিন্তু ছোটো নয়।

ইমিগ্রেশন কাউন্টারের আগে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা হল আমার ট্যুর অপারেটর মাহমুদ গওহর-এর প্রতিনিধি মোহাম্মদের সঙ্গে। সে আমার নাম লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ছিল। ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা এবং আমার লাগেজ সংগ্রহ করতে বেশ সাহায্য করল সে। গাড়ি অপেক্ষা করছিল এয়ারপোর্টের বাইরে।

বেশ গরম, গা পুড়ে যাচ্ছিল তাপে, তাপমাত্রা ৪২ ডিগ্রি। গাড়ির এসি অন ছিল, গাড়িতে উঠে গা জ্বলুনি কিছুটা কমল। এয়ারপোর্ট থেকে সরাসরি কায়রো মিউজিয়াম অভিমুখে ছুটল আমাদের গাড়ি। কায়রো শহর দেখছিলাম গাড়ি থেকে আর একই সাথে শিহরিত, রোমাঞ্চিত, নস্টালজিক হয়ে পড়েছিলাম।

পিরামিড, ফেরাউনদের নিদর্শন, মমি, নীল নদ, ভূমধ্যসাগর এসব হাতছানি দিয়ে রোমাঞ্চিত আর শিহরিত করে দিচ্ছিল। আর নস্টালজিক হচ্ছিলাম। স্কুলের পাঠ্যবইয়ে পড়া ‘নীল নদের দেশে’ ভ্রমণকাহিনীটি মনে পড়ে যাচ্ছিল বার বার। আজ এত বছর পর আমি সেই নীল নদের দেশে!

গাড়িতেই মোহাম্মদ আমাকে দু’দিনের বিস্তারিত ভ্রমণসূচি বুঝিয়ে দিল। তাকে এ দু’দিনের ভ্রমণ খরচ ৩০০ ডলার বুঝিয়ে দিলাম। এ টাকার মধ্যে এয়ারপোর্ট থেকে রিসিভ এবং ড্রপ অফ, সার্বক্ষণিক গাইডসহ এসি গাড়ি, কায়রো মিউজিয়াম দেখা, পিরামিড এবং দ্যা গ্রেট স্ফিংস দেখা, নীল নদে ব্যুফে ডিনারসহ ৩ ঘণ্টার রিভার ক্রুজ, যেখানে রাতের নীল নদ ও কায়রো শহর উপভোগ করা যায়।

মিশরিয় বিখ্যাত বেলি নাচ এবং ঐতিহ্যবাহী নাচ ও গান এখানে পর্যটকদের জন্য পরিবেশিত হয়। একরাত কায়রোর চার তারকা মানের গ্র্যান্ড পিরামিড হোটেলে থাকা এবং ব্যুফে ব্রেকফাস্ট। দ্বিতীয়দিন কায়রো থেকে ২২০ কিমি দূরে মিশরের দ্বিতীয় বৃহত্তম এবং বন্দর নগরী ভূমধ্যসাগর তীরবর্তী আলেকজান্দ্রিয়া ভ্রমণ, লাঞ্চ এবং আলেকজান্দ্রিয়া থেকে সরাসরি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রপ অফ। সমস্ত সাইট সিয়িংয়ের এন্ট্রি ফি ও এই খরচের অন্তর্ভূক্ত।

কায়রো মিউজিয়াম

কায়রো মিউজিয়ামে আমাকে অভ্যর্থনা জানালো আমার এখানকার তরুণী মিশরিয় গাইড মোনা মেহমুদ। আগের গাইড মোহাম্মদ এখান থেকে বিদায় নিল।

মোনা মিউজিয়ামে ঢোকার আগেই নাতিদীর্ঘ বক্তব্য দিল মিউজিয়ামে কী কী দেখতে যাচ্ছি এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে। মিউজিয়ামটিতে ৫ হাজার বছরের পুরনো দুর্লভ নিদর্শন রয়েছে। এটিকে বিবেচনা করা হয় বিশ্বের বৃহত্তম মহামূল্যবান মিশরিয় শিল্পকর্মের সংগ্রহশালা হিসেবে। আড়াই লক্ষেরও বেশি মহামূল্যবান নিদর্শন আছে এখানে।

মিউজিয়ামটির সবচেয়ে আকর্ষণীয়, মহামূল্যবান ও কৌতুহলোদ্দীপক নিদর্শন হল সাড়ে তিন হাজার বছর আগের ফেরাউন তুতেনখামেনের সমাধি থেকে উদ্ধার করা ধন-রত্ন, স্বর্ণ, অলংকার এবং তৈজসপত্র যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মহামূল্যবান নিদর্শন। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই। রিসেপশনে ক্যামেরা জমা দিয়ে মিউজিয়ামে প্রবেশ করলাম।

তবে মোবাইল ফোন ব্যবহার করে বেশ কিছু ছবি তুলেছিলাম। হাজার হাজার বছর আগের নিদর্শনগুলো যখন দেখছিলাম নস্টালজিক অনুভূতিটা প্রবলভাবে জেঁকে বসল। কল্পনার চোখে দেখার চেষ্টা করছিলাম প্রাচীন মিশরীয় ফেরাউনদের জীবনাচরণ।

চলবে...

তথ্যসূত্র: ট্যুর অপারেটরের দেওয়া বুকলেট ও গাইড মোনার বর্ণনা

লেখক: বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, দক্ষিণ সুদান

ই-মেইল: anwarsattar72@yahoo.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।