লিবিয়ার চিঠি: আফ্রিকা কি সত্যিই অন্ধকারাচ্ছন্ন!
আফ্রিকা মহাদেশকে পৃথিবীর ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ হিসেবে আমাদের পাঠ্য-পুস্তকে পড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে কি তাই?
‘অন্ধকারাচ্ছন্ন দেশ’ শুনে যে কারোই চোখের সামনে ভেসে ওঠতে পারে জনমানবহীন প্রান্তরের দৃশ্য, যার চারদিকে কেবলই মরুভূমি, যেখানে সভ্যতার ছোঁয়া একেবারেই লাগেনি। কিন্তু বাস্তবতা পুরোপুরি এমন নয়।
ভূমধ্যসাগরের তীরে লিবিয়া দেশটি মোটেও অন্ধকারাচ্ছন্ন নয়, অন্তত যারা দেশটি ঘুরে গিয়েছেন তাদের কাছে তো নয়ই। আর আমার দৃষ্টিতে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে লিবিয়ার সবচেয়ে বড় পার্থক্য হলো- অন্যান্য দেশে সাধারণত রাজধানীই সর্বাধিক জাঁকজমকপূর্ণ ও সুসজ্জিত থাকে। এদিক থেকে ত্রিপলির আলাদা কোনো বিশেষত্ব নেই। এখানে প্রতিটি শহরই যেন এক একটি রাজধানী।
এখানকার জনসাধারণের ব্যবহারও অমায়িক। মানুষে মানুষে যে পার্থক্য থাকতে পারে, এটা সম্ভবত তাদের জন্য এক অজানা তথ্য। আর একারণে স্থানীয় ক্যাফেগুলোতে ঢুঁ মারলেই চোখে পড়ে কীভাবে একজন উচ্চশিক্ষিত মানুষের সঙ্গে শ্রমিকরাও ঘণ্টার পর ঘণ্টা জমিয়ে আড্ডা দেয়।
কিংবা চোখে পড়ে ইউরোপ-আমেরিকার মতো দেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসা মানুষগুলোর সবজি বিক্রি করা অথবা ট্যাক্সি চালানোর দৃশ্য। আর বিদেশিদের সঙ্গে তাদের আচরণের তো কোন তুলনাই হয় না।
লিবিয়ার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান ও প্রাচীন স্থাপত্য, যা দেখার জন্য প্রতিবছর অগণিত পর্যটক আসেন। এগুলো হলো- রেড ক্যাসেল মিউজিয়াম, লেপটিস ম্যাগনা, আর্চ অব মার্কাস অরিলিয়াস, সাব্রাতা রোমান মিউজিয়াম, মার্টায়ার্স স্কয়ার, গ্রিন মাউন্টেইন্স, ঘাদামেস সিটি ও আকাকুস ডেজার্ট ইত্যাদি।
আর্চ অব মার্কাস অরিলিয়াসের প্রধান ফটকের সামনে মোজাম্মেল হোসেন ত্বোহার সঙ্গে লেখক
১৯১৯ সালে প্রতিষ্ঠিত দ্যা রেড ক্যাসেল মিউজিয়ামটি লিবিয়ার জাতীয় জাদুঘর। রেড ক্যাসেলের একটি অংশকে ঔপনিবেশিক ইতালিয়রা জাদুঘরে পরিণত করে। উসমানিয় সাম্রাজ্যের প্রাসাদ ‘আল-সারায়া আল-হামরা’ বা লাল প্রাসাদ তথা রেড ক্যাসেল মিউজিয়ামটি ত্রিপলির ‘রেড ক্যাসেল’ অথবা ‘রেড সারায়া’ নামে ঐতিহাসিক ভবনে অবস্থিত। বর্তমানে এটি রোমান স্থাপত্য, মোজাইক ও ভাস্কর্যের সংগ্রহশালা।
মূল জাদুঘরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল জাদুঘর হিসেবে খ্যাতি পেয়েছে। ২০১১ সালে লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও এর ফলে সৃষ্ট গৃহযুদ্ধ চলাকালে তৎকালীন লিবিয় নেতা মুয়াম্মর গাদ্দাফি এ প্রাসাদের উপর দাঁড়িয়েই ভাষণ দেন।
লেপটিস ম্যাগনা
লেপটিস ম্যাগনা হল স্থাপত্য ও ইতিহাসপ্রেমীদের তীর্থস্থান। এ জায়গায় প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি নগরী ছিল। আল খোমসের কাছে এখনো এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়।
২০১১ সালের গৃহযুদ্ধের সময় লেপটিস ম্যাগনায় গাদ্দাফি বাহিনীর ভারি অস্ত্র-শস্ত্র, ট্যাংক, মিলিটারি যানবাহনসহ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নানা সরঞ্জামাদি লুকিয়ে রাখার অভিযোগ ওঠে ও ন্যাটোকে সেখানটায় বিমান-হামলা করার প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু ন্যাটো অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ পোষণের পাশাপাশি এমন একটি ঐতিহাসিক স্থানে হামলা করতে অস্বীকৃতি জানায়। যার ফলে এখনও বহাল তবিয়তেই আছে ইতিহাসসমৃদ্ধ এ লেপটিস ম্যাগনা।
আর্চ অব মার্কাস অরিলিয়াস
এক সময় দ্যা আর্চ অব মার্কাস অরিলিয়াস ছিল প্রাচীন রোমানিয় শহর অয়্যার একটি অংশ, যেটি খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ফিনিশিয়রা প্রতিষ্ঠা করে ও পরবর্তীতে রোমানরা দখল করে।
সম্রাট মার্কাস অরিলিয়াসের ভাই লুসিয়াস ভেরাস সাম্রাজ্য জয়ের উচ্ছ্বাস উদযাপন উপলক্ষে এটি তৈরি করেন। ত্রিপলির মদিনার উত্তরপূর্বে এটি অবস্থিত। যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে খিলানের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এটি বর্তমানে প্রাচীন অয়্যার অবশিষ্ট নিদর্শন।
গ্রিন মাউন্টেইন্স
গ্রিন মাউন্টেইন মূলত জাবাল আখদার হিসেবে পরিচিত। লিবিয়ায় ইতালিয় সামরিক দখলদারিত্ব প্রতিহত করতে লিবিয় নেতা ওমর আল মোখতার ২০ বছরেরও বেশি সময় ধরে এ বনভূমি পাহাড়ি অঞ্চল ব্যবহার করেন। এখানে থেকেই তিনি ইতালিয়ানদের বিরুদ্ধে লিবিয়ানদের সংগঠিত করেন।
২০১১ সালের গৃহযুদ্ধেও এ গ্রিন মাউন্টেইনকে একটি আড়াল হিসেবে দীর্ঘদিন ব্যবহার করেছিল তৎকালীন সরকার বিরোধীরা। ঐতিহাসিক এ স্থানটি এতো বছর পর আবারও নতুন করে ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়।
মার্টায়ার্স স্কয়ারের বিখ্যাত ঝর্ণার সামনে
এটি তাদাররাত আকাকুস নামে বেশি পরিচিত। এখানে আছে অসংখ্য প্রাগৈতিহাসিক গুহাচিত্র ও উদ্ভট খাঁজকাটা প্রাকৃতিক ভূচিত্র আঁকা গ্রানাইট পাহাড় ও মাশরুম আকৃতির উঁচু পাহাড়।
এটি বিশ্বের প্রাগৈতিহাসিক শিলাশিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্মুক্ত গ্যালারি, যা প্রায় বারো হাজার বছরেরও বেশি বয়সি। এছাড়া এখানে বেশকিছু ঝর্ণা ও কূপ রয়েছে।
ঘাদামেস সিটি
এটি ২০১৬ সালে ‘আরব ঐতিহ্যের রাজধানী’ হিসেবে নির্বাচিত হয়েছে। এটিকে ‘মরুভূমির মুক্তা’ নামেও ডাকা হয়। ইউনেস্কো এটিকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করেছে। দুঃখজনক ব্যাপার হলো, এ পুরানো শহরটি এখন ধীরে ধীরে তার অধিবাসীদের দ্বারা পরিত্যক্ত হওয়ার হুমকির মুখে রয়েছে।
মার্টায়ার্স স্কয়ার
বর্তমান মার্টায়ার্স স্কয়ার গাদ্দাফি সরকারের শাসনামলে গ্রিন স্কয়ার হিসেবে পরিচিত ছিল। এরও আগে নাম ছিলো ইন্ডিপেন্ডেন্স স্কয়ার। এর আসল নাম ‘পিয়াজ্জা ইতালিয়া’ বা ইতালি স্কয়ার।
ত্রিপলির প্রধান বাণিজ্যিক কেন্দ্র এটি। বর্তমানে ত্রিপলির ভেতর এটিই পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। মার্টায়ার্স স্কয়ারের ঠিক মাঝখানটায় ইতালিয় একজন স্থপতির তৈরি একটি বিশাল ঝর্ণা রয়েছে, যার পাশে গিয়ে দাঁড়ালে গভীর প্রশান্তিতে দেহ-মন দোলা দিয়ে ওঠে।
লিবিয়ার গৃহযুদ্ধের সময় মুয়াম্মার গাদ্দাফি রেড ক্যাসেলে দাঁড়িয়ে মার্টায়ার্স স্কয়ারে অপেক্ষমান হাজারো জনতার উদ্দেশ্যেই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণটি দিয়েছিলেন।
মদিনা গেদিম
ত্রিপলির অন্যতম পুরাতন নগরী মদিনা, যাকে বলা হয় ‘মদিনা গেদিম’ বা আরও সংক্ষেপে শুধুই ‘গেদিম’।
পুরাতন এ মদিনা শহরটির প্রধান আকর্ষণ হলো এর গোলকধাঁধার মতো অন্ধকার গলিগুলো। বর্তমানেও সেখানকার পরিবেশটা পুরো শহর থেকে সম্পূর্ণ ভিন্ন। অসংখ্য ক্যাফেওয়ালা অলিতে-গলিতে ভেসে আসা চা-কফি-মশলা আর বিভিন্ন ধরণের মিষ্টান্নের সুগন্ধ মুহূর্তে যে কাউকে মোহচ্ছন্ন করে ফেলতে পারে এখানে।
এখানটায় মানুষদের যেমন প্রচণ্ড কর্মব্যস্ত দেখা যায়, তেমনি ব্যস্ত নগরীর আনাচে-কানাচে, অলিতে-গলিতে, এমনকি রাস্তার ওপরও শরীর এলিয়ে বসে আয়েশ করে হুঁকো টানতে টানতে আড্ডা দিতে দেখা যায় একদল আরামপ্রিয় কিংবা অলস মানুষকে।
পঞ্চাশের দশকে খনিজ তেল আবিষ্কারের আগ পর্যন্ত লিবিয়া অত্যন্ত দরিদ্র রাষ্ট্র ছিল। পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে খুব অল্প সময়ের মাঝেই এটি আফ্রিকার ধনী দেশগুলোর একটিতে পরিণত হয়।
যুগে যুগে লিবিয়া কত শত ভ্রমণকারীদের যে মুগ্ধ করেছে, তার কোনো ইয়ত্তা নেই। তবে স্বীকার করতেই হয়, চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা নিয়ে পর্যটকরা কিছুটা উদ্বিগ্নই আছেন। খুব শিঘ্র সব প্রতিকূলতা কাটিয়ে নেবে স্বপ্নের রাজ্য লিবিয়া, এটাই প্রত্যাশা।
লেখক: শিক্ষক, বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ, লিবিয়া
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
