২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের সহায়তায় আমিরাতে ‘টিম বাংলাদেশ’

শুধু রেমিটেন্স পাঠিয়ে নয় দেশের নানা দুর্যোগে দেশের পাশে থাকেন প্রবাসীরা। এবারের বন্যায় দেশের মানুষের পাশে প্রবাসীরা হাত বাড়িছেন মানবতার। পাশে দাঁড়াচ্ছেন স্বজন হয়ে। এক্ষেত্রে আরব আমিরাত প্রবাসীরাও পিছিয়ে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 01:42 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

ইতোমধ্যে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা নানা সংগঠনের মাধ্যমে সহায়তা করেছেন। কেউ নীরবে, কেউ সরবে। কেউ নিজের এলাকায়, আবার কেউ পুরো দেশজুড়ে। আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ‘টিম বাংলাদেশ’ নামে সামাজিক সংগঠনটি এক্ষেত্রে ব্যতিক্রম।

সংগঠনটি বাংলাদেশি প্রতিষ্ঠান ‘আরবিএস’ এর মাধ্যমে বাংলাদেশের বন্যার অবস্থা তুলে ধরেছে ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’ এর কাছে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। তহবিল সংগ্রহের জন্য দু’শ খালি ত্রাণবাক্স আরবিএস এর কাছে দেয় তারা। ত্রাণ বাক্সগুলোর মাধ্যমে আমিরাতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের থেকে তহবিল সংগ্রহের দায়িত্বে থাকবে ‘টিম বাংলাদেশ’। তবে এগুলো বিভিন্ন কোম্পানি, কিছু সাধারণ প্রবাসী, কমিউনিটি ও ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়ার কথা রয়েছে।

টিম বাংলাদেশের উপদেষ্ঠা ও আরবিএস এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল্লাহ গাজ্জালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘বন্যার্তদের সহযোগিতা করুন’ লেখা বক্স যেখানেই পাবেন সাধ্যমতো যে যতো পারেন অংশিদার হোন, দেশের অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, “সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন ছাড়া সাহায্য-সহযোগিতার জন্য টাকা তোলা দণ্ডনীয় অপরাধ হওয়ায় ‘টিম বাংলাদেশ’ শারজাহ চ্যারিটির মাধ্যমে এ অর্থ সংগ্রহ করছে।”

গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরে ‘টিম বাংলাদেশ’। এতে আমিরাত প্রবাসী ছাড়াও নানা দেশের বাংলাদেশি প্রবাসীরা সাড়া দেবার খবরও পাওয়া গেছে।

তহবিল সংগ্রহের ১৫ দিন পর বাক্সগুলো আবার শারজাহ চ্যারিটির কাছে ফেরত দিতে হবে বলে জানান টিম বাংলাদেশের সদস্য শেখ তৌহিদুজ্জামান।

তিনি আরও জানান, টিম বাংলাদেশ তহবিল সংগ্রহ করলেও ত্রাণ বাক্সগুলো চ্যারিটির নিজস্ব নিয়ম অনুযায়ী খোলা হবে। চ্যারিটির কর্তৃপক্ষ নিজেরা সশরীরে গিয়ে সংগৃহীত এ অর্থে বাংলাদেশে ত্রাণ বিতরণ করবে। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।