সিডনি প্রবাসীদের বন্যার্তদের জন্য সাহায্যের উদ্যোগ
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল’।
স্থানীয় সময় রোববার তহবিল সংগ্রহ উপলক্ষে সিডনির গ্রামীণ রেস্তোরাঁয় বিকাল ৫টায় এক সভার আয়োজন করা হয়েছে।
ওই সভায় ৯ সেপ্টেম্বর স্থানীয় কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রবাসী বাংলাদেশিরা তাদের নির্বাচনী মেনুফেস্টো সম্পর্কেও কমিউনিটিকে জানাবেন।
সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন বলেন, "সর্বশেষ খবর অনুযায়ী দেশের ২৭ জেলার ১৩৩টা উপজেলা ও ৪৩টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১১ লাখ ৪১ হাজার পরিবারের ৫০ লাখ ১৮ হাজার ৭০৬ জন বানভাসি মানুষ আজ উদ্বাস্তু।”
“ক্ষুধায় কাতর বানভাসি জনপদ। আমরা কেবল সরকারেরও উপর দায় দিয়ে নিজেদের দায় এড়াতে পারি না। তাই প্রবাসে সাংবাদিকরা দেশের বানভাসি মানুষের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছি। সংগ্রহকৃত অর্থ দেশের কোনো দাতব্য প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়া হবে যারা বন্যার্তদের মাঝে সেই সাহায্য দিবেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
