যুক্তরাষ্ট্র থেকে হজে গেছে ৫ হাজার বাংলাদেশি
যুক্তরাষ্ট্র থেকে এবার ২৫ হাজারেরও বেশি নাগরিক এবার হজে গিয়েছেন। তারমধ্যে পাঁচ হাজার বাংলাদেশি-আমেরিকান নাগরিক রয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সৌদি দূতাবাস এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স ও কম্যুনিটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের প্রেক্ষিতে যারা গ্রিনকার্ড পাননি তাদের আরও অনেকের হজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেননি।
এবার গত বছরের চেয়ে অনেক বেশি আমেরিকান হজ্বে গেছেন বলে মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা দাবি করেছে।
এ দলে মাথাপিছু হজ করতে ১০ হাজার ডলার করে নেওয়া হয়। তারা মক্কা ও মদিনায় বিলাসবহুল হোটেলে অবস্থান ছাড়াও চলাফেরায় নানা সুবিধা পাবেন।
এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ (পুরো পরিবারসহ), সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড্যানি চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগ নেতা জাফরউল্লাহও হজে গেছেন।
তারা সকলের কাছে সুষ্ঠুভাবে হজ সম্পাদন করার ব্যাপারে দোয়া চেয়েছেন।
মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ ঘনিষ্ঠজনদের নিয়ে দোয়া-মাহফিলেরও আয়োজন করেন। আবার অনেকে মসজিদের মুসল্লীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমেও দোয়া চেয়েছেন।
ব্রুকলিনের নির্মাণ ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাদের মিয়ার পক্ষ থেকে তার বাসায় গত শুক্রবার দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কয়েকশ প্রবাসী সে মাহফিলে শরিক হন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
