নিউ ইয়র্কে নায়করাজ রাজ্জাককে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলি
প্রয়াত চিত্রনায়করাজ্জাকের মৃত্যুতে ‘নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান করেছে নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী, পরিচালক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে উত্তর আমেরিকায় সাহিত্য-সংস্কৃতির বিকাশে নিয়োজিত সংস্থা ‘শো-টাইম মিউজিক’।
সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলমের সভাপতিত্বে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ও কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন ও বেবী নাজনীন, চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, হুমায়ূন কবীর ঢালি, সাংবাদিক আকবর হায়দার কিরন, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক আহসান হাবীব ও নাট্যকার-অভিনেতা খান শওকত।
জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার জামে মসজিদের ইমাম কাজী কাইয়ুমের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় এ শোক সমাবেশ।
আবুল বাশার চুন্নু স্মৃতিচারণকালে বলেন, “রাজ্জাকের মতো নায়ক তৈরি হতে বহু বছর লাগবে। অভিনয়ের সাথে তিনি সব সময় নিজেকে একাকার করতেন, এটিই ছিল তার বড় গুণ।”
আলমগীর খান আলম বলেন, “বাংলা চলচ্চিত্র অঙ্গনের মহামানব ছিলেন নায়ক রাজ্জাক। তার মৃত্যুকে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
