২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় ‘সেবা লাইব্রেরি’র  সাহিত্য আড্ডা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘সেবা লাইব্রেরি’র উদ্যোগে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু প্রবাসী বাংলাদেশিদের সাথে এক আড্ডায় মিলিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 11:24 AM

Updated : 11 Oct 2022, 02:25 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মেট্রো আটলান্টার নরক্রস শহরের সেবা লাইব্রেরি মিলনায়তনে এ আড্ডার আয়োজন করা হয়।

আয়োজনে দুজনেই শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন। কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ তাঁর শৈশবে বাংলাদেশে বড় হয়ে ওঠা এবং অল্প বয়সে সাহিত্যচর্চায় হাতে খড়ির নানা কাহিনী তুলে ধরেন।

তিনি সেসময় সৌখিন নবীন লেখকদের ক্ষুদে পত্রিকা প্রকাশনার সাথেও কীভাবে নিজেকে যুক্ত করে নিয়েছিলেন, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগ্রহী ছাত্রদের নিয়ে গড়ে তুলেছিলেন নিজস্ব দল, সেসবের কাহিনী বলেন অনুষ্ঠানে।

দীর্ঘ প্রবাস জীবনে সাহিত্য চর্চার চ্যালেঞ্জের কথাটিও তিনি তুলে ধরেন।

পূরবী বসু নিজের কথা বলতে গিয়ে সারাজীবন তার চিন্তা চেতনা ও লেখায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীর অধিকারকেই প্রাধান্য দিয়েছেন বলে উল্লেখ করেন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আলাপচারিতায় উঠে এলে পূরবী নিজ জীবনের অভিজ্ঞতার কথা বলেন। আবার বিপদের সময় তিনি সংখ্যাগরিষ্ঠ শুভানুধ্যায়ীদের সহযোগিতাতেই রক্ষা পেয়েছেন, সেই কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “গত ৭০ বছরে বাঙালি মুসলমান বাংলাদেশে যে অভাবিত উন্নতি লাভ করেছে, সেটা দেখে চমৎকৃত হতে হয়।”

লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু সাহিত্যে তাদের অবদানের জন্য বিভিন্ন সময়ে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। জ্যোতিপ্রকাশ দত্তের বিভিন্ন পুরস্কারের মধ্যে ‘একুশে পদক’ ও ‘বাংলা একাডেমি’ পদক উল্লেখযোগ্য।  অন্যদিকে লেখক পূরবী বসু ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ ও ‘বাংলা একাডেমি সম্মাননা’সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন।

এক প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রকাশ বলেন, “যখন প্রথম রেডিও এলো, সবাই ভেবেছিল- আর কে পত্রিকা পড়বে? আবার যখন টেলিভিশন এলো, তখন অনেকে ভাবলো, আর কে রেডিও শুনবে? পরে কিন্তু দেখা গেল প্রতিটি মাধ্যম তার আপন জায়গা করে নিয়েছে। ভবিষ্যতেও তাই হবে।”

আলোচনার শেষ পর্বে দুই লেখক নিজ হাতে স্বাক্ষর করে বেশ কয়েকটি স্বরচিত বই উপহার দেন সেবা লাইব্রেরিকে।

প্রায় তিন হাজারেরও বেশি বইয়ের সংগ্রহ নিয়ে সেবা বাংলা লাইব্রেরি দীর্ঘদিন ধরে প্রবাসী পাঠকদের সেবা দিয়ে আসছে। পাশাপাশি প্রবাসে দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতিসেবীদের নিয়ে নানা আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সাহিত্য আড্ডায় এখন পর্যন্ত অংশ নিয়েছেন হাসান ইমাম ও লায়লা হাসান, জ্যোতির্ময় দত্ত ও মীনাক্ষী দত্ত, তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ, সেজান মাহমুদ ও আজফার হোসেনসহ আরও অনেকে।

সেবা লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের সাহিত্য আড্ডায় কথাসাহিত্যিক আনিসুল হক উপস্থিত থাকবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।