মালয়েশিয়ায় ছুরি মেরে বাংলাদেশি ‘হত্যা’
মালয়েশিয়ায় ইন্দোনেশিয় নাগরিকের ছুরির আঘাতে এক প্রবাসী বাংলাদেশি তরুণ খুন হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের নাম শওকত আলী (৩০)। তার বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার তিতাস গ্রামে।
স্থানীয় সময় রোববার সকালে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর জালান এমবি এলাকায় এ ঘটনা ঘটে।
বুকিত বিনতাং এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি কাজী আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুন হওয়া শওকত এ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন ইম্বির আল মাহমুদিয়া রেস্টুরেন্টে চাকরি করতেন। সকালে তিনি বাসা থেকে কাজে আসার সময় রেস্টুরেন্টের কাছেই এ ঘটনা ঘটে।”
মাহমুদিয়া রেস্টুরেন্টের মালিক মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাসা থেকে কাজে আসার সময় শওকতকে ইন্দোনেশিয় তিন যুবক ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে আমি ছুটে যাই। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে সে মারা গেছে বলে জানায়।”
ফারুক আরও বলেন, “শওকত আমার কোম্পানির নামে বৈধ হওয়ার জন্য ই-কার্ড করেছে। ইন্দোনেশিয় এক বিবাহিত মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। এর জের ধরে ওই মেয়ের স্বামী এ কাজ করতে পারে বলে আমার ধারণা।”
ফারুক জানান, তিনি নিহত শওকতের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন। আইনগত কাজ সম্পন্ন করে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি।
স্থানীয় পুলিশ নিহত শওকতের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
