সুইজারল্যান্ডের বাংলাদেশ মিশনের শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুইজারল্যান্ডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে ও ‘ইউনিভার্সিটি হসপিটাল জেনেভা’র সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি পালিত হয়।
সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় রাষ্ট্রদূত মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগকে স্মরণ করেন এবং তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, “আজকের এই আয়োজন দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বন্ধুত্বের উদাহরণ।” তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জাতির পিতার কর্ম ও আদর্শকে ছড়িয়ে দিতে বাংলাদেশ মিশনের এ ধরনের আয়োজনে কমিউনিটির সবাইকে পাশে পাবার আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিভার্সিটি হসপিটাল জেনেভার ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের প্রধান জানা রোসোকোভা স্থায়ী মিশনকে ধন্যবাদ জানান এমন উদ্যোগের জন্য।
এর আগে গত ১৫ অগাস্ট, স্থায়ী মিশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছিলো। ওইদিন জাতীয় পতাকা অর্ধনমিতকরণ; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র-প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
এছাড়া ১৫ অগাস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছিলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
