যুক্তরাষ্ট্রে ‘নোয়াখালি সোসাইটি’র সমাবেশ অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে ‘নোয়াখালী সোসাইটি’র প্রাক-নির্বাচনী সমাবেশে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদাকে অভ্যর্থনা জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে নোয়াখালী ভবনে ‘নোয়াখালী সোসাইটি’র এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব রব মিয়া ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।
বায়ান্নান একুশে ফেব্রুয়ারি ভোরে ১৪৪ ধারা ভঙ্গ করার মিছিল থেকে গ্রেপ্তার হওয়া শামসুল হুদা সংগঠনটির নির্বাচনী আলোচনায় সকলকে বাংলাদেশের সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ প্রত্যাশিত উন্নতি পায়নি। ক্ষমতায় আরোহণের জন্যে কোনো কোনো রাজনৈতিক দল জনগণকে জিম্মি করে রাজনৈতিক কর্মসূচির নামে যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, তার ফলে উন্নয়নের গতি থমকে দাঁড়ায়।”
নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিনা গ্রামের সন্তান শামসুল হুদাকে গত বছর কানাডার ‘হাউজ অব কমন্স’ থেকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
এ সময় আরও বক্তব্য দেন কম্যুনিটি নেতা সেলিম চৌধুরী বাবুল, মিনহাজ আহমেদ বাবর, খোকন মোশারফ ও ইউসুফ জসীম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মফিজুর রহমান ও সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
