সিঙ্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালন করেছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের নর্থ ওয়ান অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্ট থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টি সম্পর্কিত অনুভূতিকে তুলে ধরা হয়েছে বাংলাসহ ইন্দোনেশিয়, চাইনিজ ও ইংরেজি ভাষায়। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কবিতা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ছিল বিদ্রোহী, বাঁশিওয়ালা, সৃষ্টি সুখের উল্লাসে, আমি, পূজোর সাঁজ, বাংলাদেশসহ কয়েকটি কবিতার আবৃত্তি।
আবৃত্তিতে ছিলেন পরমিতা চ্যাটার্জী, শবনম আক্তার, শাহীন আমিনুল্লাহ্, জাকিয়া জেসমিন, এ কে এম সাইফুল্লাহ্, তাহসিনা হোসাইন তুলী, মনির আহমদ ও রঞ্জন চক্রবর্তী।
দলীয় সংগীতে ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্ট শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেতারে ছিলেন চন্দ্রনাথ ভট্টাচার্য, তবলায় শুভেন্দু মুখার্জী ও বাঁশিতে ভিষ্ণু ভেলুরী।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মান্নান ও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক জাহানারা খান বেবী।
এ কে এম সাইফুল্লাহ ও তাহসিনা হোসাইন তুলীর স্বাগত কথায় শুরু হয় অনুষ্ঠান।
সমাপনী পর্বে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সকল কলাকুশলীকে সম্মাননা দেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মিঠুন কুমার সাহা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
