২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্ন জাতীয় শোক দিবস পালিত

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন আওয়ামী লীগের ভিক্টোরিয়া শাখার উদ্যোগে ১৫ অগাস্টের ‘জাতীয় শোক দিবস’ অগ্রিম পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 08:58 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

স্থানীয় সময় শনিবার এক মিনিটের নীরবতার মাধ্যমে ১৫ অগাস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়া শাখার সভাপতি এহতেশামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি, বিশেষ অতিথি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবি ও লেখক মিল্টন হাসনাত, মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক এস এ রহমান অরূপ ও অন্যান্য নেতারা।

এছাড়া টেলি কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

অনুষ্ঠানে বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ায় স্বৈরশাসকদের তীব্র সমালোচনা করেন। মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম ও হত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আমিনুল ইসলাম আমিন বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানে বঙ্গবন্ধুর মত আত্নত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হতে বঙ্গবন্ধুর সৈনিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতির পিতার দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক জীবনের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পরিবারের আত্নত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। 

এটি ছিল মেলবোর্ন আওয়ামী লীগের ভিক্টোরিয়া শাখার  নতুন কমিটি আয়োজিত প্রথম অনুষ্ঠান।

অনুষ্ঠানে আগত বঙ্গবন্ধুর চেতনা লালন করা সকল বাংলাদেশিকে নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!