২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ও একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু ও একাত্তরের ঘাতকদের অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 11:32 AM

Updated : 11 Oct 2022, 02:23 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকায় ইকনা মসজিদের সামনে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ  মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অগাস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করা এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পালিয়ে রয়েছে। অন্যদিকে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী হত্যার নায়ক আলবদরের সদস্য আশরাফুজ্জামান খান এবং রাজাকার জব্বারকেও আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। এরা উভয়েই আত্মগোপন করে আছে যুক্তরাষ্ট্রে। এই অপরাধীদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

এই দুই ঘাতকের একজন আশরাফুজ্জামান খানের আস্তানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগ, বঙ্গমাতা পরিষদ, ওয়ার্কার্স পার্টি, প্রোগেসিভ ফোরাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ল’ সোসাইটি ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, “ঘাতকদের শাস্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এই ঢিলেমী আমরা বরদাস্ত করতে পারি না। অবিলম্বে মানবতাবিরোধী অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।”

আরেক কণ্ঠযোদ্ধা শহীদ হাসান বলেন, “ঘাতকদের ফাঁসিতে ঝোলানো পর্যন্ত আমরা সোচ্চার থাকবো এই প্রবাসে।”

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ বলেন, “যুক্তরাষ্ট্রে পলাতক ঘাতকদের ফিরিয়ে নিতে সরকার নাকি ল’ ফার্ম ভাড়া করেছেন। এক বছর আগে এমন তথ্য প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আজ অবধি এর কোনোই অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।”

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও শহীদ সাংবাদিক সিরাজ্জুদ্দিন হোসেনের পুত্র ফাহিম রেজা নূর বলেছেন, “এই দণ্ডিত ঘাতকেরা যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ এবং পরবর্তীতে সিটিজেনশিপ গ্রহণের সময় নিশ্চয়ই উল্লেখ করেনি যে তারা জাতির পিতাকে হত্যা করেছে কিংবা একাত্তরে ৩০ লাখ বাঙালির নিধনযজ্ঞে লিপ্ত ছিল। এই মিথ্যার জন্যেই ওদের সিটিজেনশিপ কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের সাথে এ নিয়ে দেন-দরবার করতে হবে।”

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন বলেন, “আর সময় ক্ষেপণের অবকাশ নেই। পলাতক এসব ঘাতককে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে যত রকমের তদবির দরকার, তা আমরা করে যাবো।”

যুক্তরাষ্ট্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ বলেন, “একাত্তরের উজ্জীবিত সকল প্রবাসীকে সংঘবদ্ধ হতে হবে। মার্কিন কংগ্রেসে লবিং চালানোর পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘে স্মারকলিপি দিতে হবে। মানবতাবিরোধী অপরাধীরা কীভাবে যুক্তরাষ্ট্রে ঠাঁই পাচ্ছে, সে প্রশ্ন রাখতে হবে সর্বমহলে।”

বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার বলেন, “শোকের মাস অগাস্টে যে সংকল্প আমরা গ্রহণ করলাম, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো সকলে।”

শহীদ পরিবারের সদস্য ওবায়দুল্লাহ মামুন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে এক কাতারে আসতে হবে এই দাবি আদায়ে যুক্তরাষ্ট্র প্রশাসনে চাপ প্রয়োগের জন্যে।”

বাংলাদেশ ল’ সোসাইটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোর্শেদা জামান বলেন, “শুধু সরকারের ওপর ভরসা করলে চলবে না, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীর যাবতীয় অপকর্মের তথ্য বিচার বিভাগকে অবহিত করতে হবে প্রবাসীদের পক্ষ থেকেই।”

যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী বলেন, “প্রবাসী যুব সমাজের সকলেই সচেষ্ট রয়েছি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীসহ একাত্তরের ঘাতকদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে। আজকের এ সমাবেশে সে তৎপরতা ভিন্ন মাত্রা পেল। আশা করছি এখন স্টেট ডিপার্টমেন্টও নড়েচড়ে উঠবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, গণজাগরণ মঞ্চের নেতা মোজাহিদ আনসারী ও গোপাল সান্যাল, প্রোগেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদ হাসান মানিক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার।

এছাড়া আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল বারী, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, প্রচার সম্পাদক শুভ রায়, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক এ টি এম মাসুদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!