২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার ফুল, খোঁপা ভরা চুল

কোরিয়া এসেছি পড়াশুনা করতে। কিন্তু ঘুরে বেড়াতে চাওয়া মনকে কি আর ব্যস্ততা দিয়ে আটকে রাখা যায়!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তাসমিনা খন্দকার, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 03:33 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

তাইতো সুযোগ পেলে বেরিয়ে পড়ি ভ্রমণে। এখানে এসে অনেক কিছুর সাথে আমার মন কেড়েছে বাহারি ফুলের রঙ। দৃষ্টিনন্দন এসব ফুলের মাঝে খুঁজে ফিরেছি নিজের দেশের ফুলের সুবাস আর শোভা। তবে সব ফুলের সুবাস না থাকলেও শোভাটা মনকে নাড়া দিয়েছে খুব।

কোরিয়া এসেছিলাম সেপ্টেম্বরে। সব গুছিয়ে উঠতে না উঠতেই শুরু হল কনকনে ঠাণ্ডা। চারদিক দেখে মনে হয়েছিলো কেমন জানি নির্জীব সবকিছু। রঙের বড্ডও অভাব এখানে। কিন্তু শীত যেতেই মনের ভুলগুলো সব ভাঙতে শুরু করল। আবহাওয়া বদলের সাথে দেখা দিল গাছে গাছে মুকুল। বুঝে উঠতে পারছিলাম না এটা কি পাতা নাকি ফল! কেনইবা এসব মরা গাছে ফল হবে!

না, সব কৌতুহলকে ছাপিয়ে মন রাঙিয়ে গাছে গাছে দেখা দিল শ্বেতশুভ্র চেরি, ম্যাগ্নলিয়া, আরো কত নাম না জানা ফুল! মার্চ-এপ্রিল থেকেই কোরিয়াতে শুরু হয় নানা রকম উৎসব, বিয়ে-শাদিরও ধুম পরে বেশ। ফুল ঝরার আগে গাছে পাতা জাগে। মন কেমন জানি নাড়া দিয়ে যায়। যত দিন যেতে থাকে, চোখে যেন রঙের ঝাপটা লাগতে থাকে। চারদিক কত শত নাম না জানা বাহারি রঙের ফুল। ফুলের সুবাস অতটা না থাকলেও বাদ যায় না একটি ঘাসও। ছোট ছোট রকমারি প্রচুর ঘাসফুল ফোটে।

কোরিয়ানরা রকমারি এসব ফুলগাছ খুবই সুন্দর-পরিপাটি ও সারিবদ্ধভাবে রোপণ করে বাড়ির কিনারা, রাস্তার পাশে আর পার্কে। ফুলের শোভায় শহরকে সাজিয়ে তোলার যেন রীতিমত ধুম পড়ে যায়। যেদিকে চোখ যায় যেন মনে হয় রঙের ছটা লেগে আছে। তবু কিছু একটার জন্য মনের কোথাও একটা অপূর্ণতা আছেই। শুধু চোখ নয় মন ভরাতেও কিছু যেন খুঁজে চলি।

হঠাৎ একদিন আমার বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে কোথা থেকে খুব পরিচিত এক সুবাস নাকে ভেসে আসলো। মনটা নড়ে উঠলো। খুঁজতে শুরু করলাম। সুবাসই যেন আমাকে তাদের কাছে টেনে নিয়ে গেল। খুঁজে পেলাম পরিচিত হাসনাহেনা আর গন্ধরাজ ফুল। খুশিতে লাফিয়ে উঠলাম। নিজের প্রিয় ফুলের কিছু সুবাস মন ভরিয়ে তুলল।

এপ্রিল-মে এর মাঝামাঝি সময়। চোখে পড়ল গোলাপের কুড়ি। কিছুদিন যেতে না যেতে বড় বড় গোলাপের গাছে ফুলের আবির্ভাব। যেন পাল্লাপাল্লি করে নিজেদের জায়গা করে নিতে ব্যস্ত সবাই। ফুলের ভারে গাছের ডাল মাটি ছুঁইছুঁই তবুও সে ফুটবেই। শোভাতো তাকে ছড়াতেই হবে! এ যেন মনকাড়ার মতো আরেকটি দৃশ্য।

শুনেছিলাম এসময় চারদিকের এ ফুলের সমারোহ ছাড়িয়ে নাকি কোরিয়ানরা আবার ‘ফ্লাওয়ার ফেস্টিভ্যাল’ নামে উৎসবের আয়োজন করে। আমিতো ভেবেছিলাম এত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আবার কৃত্রিম কিইবা ফুলের উৎসব আর সেটা কতইবা সুন্দর হবে! কিন্তু দেখার ইচ্ছাটা কমলো না।

চলে গেলাম ফুলের উৎসবে। ঢুকতেই চোখে পড়ল ছোট ছোট বিভিন্ন রকমের গাছের চারা। সুলভ মূল্যে অনেক গাছের সমারোহ। আমার মতো যারা বাগানপ্রেমী আর ফুলপ্রেমী তাদের জন্য এই প্রবাস জীবনে ‘মাই হবি ইজ গার্ডেনিং’ এর পূর্ণতা আনার খুব ভাল একটা জায়গা।

কিছু সময় ঘোরাঘুরির পর জানতে পারলাম প্রধান উৎসব নাকি একটা ঘেরা জায়গার ভেতর। টিকিট কেটে সেখানে ঢোকে চোখ কপালে উঠল। এ এক স্বর্গের পথ ধরে হাঁটছি আমি। অপূর্ব সুন্দর আর বাহারি রঙের ফুলের মেলা এখানে। চারদিকে ফুল আর ফুল। মনে হচ্ছিল ‘ফুলের রাজ্যে বিচরণ আমার আর আমি সব ফুলের রাণী’। অদ্ভুত এক অনুভূতি। চেনা-জানা অনেক রকমের ফুল। সুদীর্ঘ একটি জায়গা নিয়ে এই উৎসব হয় প্রতিবছর।

একপাশে লেক, আরেক পাশে ফুলের রাজ্য। না এটা স্বপ্ন বা কাল্পনিক নয়। সত্যিই এটা স্বর্গতুল্য। আবার কোনো কৃত্রিম ফুলও নয়। কারণ চারদিকে ভ্রমর আর প্রজাপতির বিচরণ। এক অকৃত্রিম সৌন্দর্য। সুখ আর সৌরভ ছড়ানো চারপাশ। যতটা পারা যায় লুফে নেওয়া আরকি!

সারাদিন পার করেছি ফুল উৎসবে। কিন্তু মনের পিপাসা যেন পূর্ণ হবার নয়। এ সৌন্দর্য পিপাসা আরও বাড়িয়ে তোলে। আমার তো ইচ্ছা যতদিন কোরিয়াতে আছি প্রতিবছর এ সৌন্দর্যে তৃষ্ণা মেটানোর।

আজ এই পর্যন্তই থাক। যারা কোরিয়া প্রবাস এই সৌন্দর্য সবার চোখে  পড়ার কথা। তারপরও যদি কেউ মিস করে থাকেন তবে তাদের জন্য বলছি এই ফুলের রাজ্য একবার ঘুরে দেখে আসবেন।

লেখক: পিএইচডি শিক্ষার্থী, সোগাং বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!