২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিএনপির সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌথ উদ্যোগে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 12:02 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিএনপি নেতা ও তারেক পরিষদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হুমায়ূন কবির।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদের চেয়ারপার্সন আকতার হোসেন বাদল।

আলোচনা সভায় আকতার হোসেন বাদল বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা ভারত সফর করলেও ঢাকায় যাবার পরিকল্পনা বাতিল করেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতাসীন সরকার নির্বাচিত নয় এবং তারা লাগাতারভাবে বিরোধী দল দমনে লিপ্ত রয়েছে। সরকারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলেও গুম হতে হচ্ছে অথবা জেলে নেওয়া হচ্ছে।”

এ সময় তিনি বলেন, “খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার, নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা এবং বিএনপিকেও অবাধে নির্বাচনী সভা-সমাবেশ করতে দেওয়ার অঙ্গিকার করলেই সামনের নির্বাচনে বিএনপি যোগদান করবে।”

এক প্রশ্নের জবাবে বাদল বলেন, “নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে ২৮০ আসনের বেশি পাবে বিএনপি। ক্ষমতা হারানোর এই আতঙ্কে আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মো.আসাদউল্লাহ, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর ও সহ-সভাপতি সাইফুল ইসলাম অপু।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, “ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে পাতি নেতা পর্যন্ত প্রায় সকলেই বেগম জিয়ার এই সফর নিয়ে যেসব মন্তব্য করছেন, তা সভ্যতার পরিপন্থিই শুধু নয়, সবধরনের ভদ্রতাকে ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্যে খুবই দুর্ভাগ্যজনক একটি অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে এসব বক্তব্য।”

এতে আরও উল্লেখ করা হয়, “একদলীয় স্বৈরশাসন-বাকশালের কবল থেকে জাতিকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে ঐতিহাসিক ভূমিকার মধ্য দিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের অবিস্মরণীয় ভূমিকা আজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই দলের নেতা সম্পর্কে আজে-বাজে মন্তব্য করার মধ্য দিয়ে মূলত আওয়ামী নেতারা নিজেদের দৈন্যতারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।”

লিখিত বক্তব্যে বলা হয়, “চিকিৎসা শেষেই বেগম জিয়া ঢাকায় ফিরবেন এবং নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত উপস্থাপন করবেন। আমরা সেই পর্যন্ত গভীর আগ্রহে থাকবো এবং এবং নিজ নিজ এলাকার সাথে সম্পর্ক জোরদার করে যাব। যারা নির্বাচনে আগ্রহী, তারা এলাকার নেতা-কর্মী-সমর্থকদের সাথে একাকার হতে হবে। দলীয় মনোনয়নের জন্যে এই সম্পর্ক-উন্নয়নের বিকল্প নেই।”

প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই। এ প্রসঙ্গের অবতারণা করে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, “যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই, এটি যেমন সত্য, একইভাবে কমিটিহীন বিএনপিও বসে নেই। নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে বিএনপির কর্মসূচির সমর্থনে কাজ করছি। আজকের এ সংবাদ সম্মেলন তারই অংশ।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!