২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় ক্রিকেটার সাকিব আল হাসানকে অভ্যর্থনা

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের খেলায় অংশ নিতে আসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 11:55 AM

Updated : 11 Oct 2022, 02:21 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বোকারেটন সিটির সুগার স্যান্ড পার্কের একটি মিলনায়তনে সাকিবকে অভ্যর্থনা জানানোর এ আয়োজন করে ‘একতারা’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনি এস জনি ও রোবাইয়া মাহমুদ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোডারহেল সিটিতে সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্কে ৫ আগস্ট ও ৬ আগস্ট ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ’-এর খেলায় অংশ নিতে ফ্লোরিডায় আছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

অভ্যর্থনা অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানার বাংলাদেশ সম্মেলনের হোস্ট কমিটির শীর্ষ কর্মকর্তারা, ছিলেন ফোবানার নির্বাহী কমিটির সাবেক দুই চেয়ারম্যান আতিকুর রহমান এবং রেহান রেজা। ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার শীর্ষ কর্মকর্তারাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্যুনিটি নেতা ওসমান চৌধুরী অপু ও ফারুক সরকার।

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “একদিকে সরকারের সীমাহীন পৃষ্টপোষকতা, আরেকদিকে ১৬ কোটি মানুষের অদম্য ভালবাসায় বিশ্বে বাংলাদেশ ক্রিকেট বিশেষ একটি স্থান লাভে সক্ষম হয়েছে।”

আইসিসির অনুমোদনে চারটি দলের অংশগ্রহণে এই ‘টি-টোয়েন্টি লীগ’ ম্যাচে সাকিব খেলবেন ওয়েস্ট ইন্ডিসের দল ‘জ্যামাইকা তলাওয়াস’-এর পক্ষে। গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত এই প্রিমিয়ার লীগে ছয়টি দল অংশ নিয়েছিল। এবার মাত্র চারটি দলকে খেলার অনুমতি দিয়েছে আইসিসি।

যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করার অভিপ্রায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, একদিনে আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি লীগের জন্যে আইসিসি এই একটি মাত্র স্টেডিয়াম (সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক)কে অনুমোদন দিয়েছে।

এর আগে সাকিব এই প্রিমিয়ার লীগে খেলেছেন ‘বার্বাডোজ ট্রাইডেন্টস’-এ। এ পর্যন্ত সিপিএলে বল হাতে ২১ ম্যাচে সাকিব নিয়েছেন ২৩ উইকেট। আর ব্যাট হাতে রান করেছেন ১৮২।

এবারের খেলা চলবে ১০ সেপ্টেস্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার খেলা হবে। প্রতিদিন সকাল ১০টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) এবং দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) খেলা শুরু হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!