২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় ভিসা ছাড়াই দুই বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ভিসা ছাড়াই দুই বাংলাদেশি হজযাত্রী সনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 11:34 AM

Updated : 12 Apr 2022, 12:05 AM

এ ঘটনায় জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশি হজযাত্রীকে প্রায় ১৬ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখে। পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষের উদ্যোগে ভিসার ব্যবস্থা করে তাদের টার্মিনাল ছাড়তে হয়েছে।

ভিসা ছাড়া দুই হজযাত্রী কীভাবে ইমিগ্রেশন পার হয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে জেদ্দায় পৌঁছলেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো.আব্দুল জলিল। স্থানীয় সময় শুক্রবার এ নির্দেশ দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব।

বাংলাদেশ হজ মিশন জেদ্দা বিমানবন্দরে কর্মরত আনোয়ার হোসেন জানান, গত ২৭ জুলাই ‘শাবান এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১৪৫৭)’-এর হজযাত্রী নাসিমা আক্তার, পিআইডি নম্বর-১৪৫৭০৭২, একটি ফ্লাইটে জেদ্দার হজ টার্মিনালে অবতরণ করেন।

তিনি আরও জানান, ‘আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ০১৮৪)’-এর মালিক আমিনুল হকও হজ ভিসা ছাড়া সৌদি এয়ারলাইন্স (এসভি ৮০৪)-এর একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন। সৌদি ইমিগ্রেশন পুলিশ দেখতে পায় যে, তারা ভিসা ছাড়াই সৌদি আরবে হজের জন্য এসেছেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন ধর্ম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করেন, “ভিসা ছাড়া আগত ওই দুই বাংলাদেশিকে প্রায় ১৬ ঘণ্টা হজ টার্মিনালে অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের উদ্যোগে ভিসা পেয়ে টার্মিনাল থেকে ছাড় পায় তারা।”

ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আনোয়ার হোসেন আরও উল্লেখ করেন, “ভিসা ছাড়া দুই জন হজযাত্রী কীভাবে বিমানে অরোহণ করতে পারলেন, এ বিষয়ে জেদ্দা হজ টার্মিনালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের সমালোচনা করে। বিষয়টি হজ অফিস জেদ্দার জন্য বিব্রতকর এবং বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার পরিপন্থী।”

বাংলাদেশ থেকে আসা সকল হজযাত্রীর ভিসাসহ প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে কিনা, তা ভালোভাবে যাচাই করার অনুরোধ জানান কর্তৃপক্ষকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!