২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে বাংলাদেশি প্রকৌশলীদের ‘ক্যারিয়ার ফেয়ার’

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার ফেয়ার’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 03:41 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

আগামী ১৯ অগাস্ট অঙ্গরাজ্যের ট্রয় শহরে লিভারনইজ রোডের ট্রয় কমিউনিটি সেন্টারে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ (আবিয়া) এ মেলার আয়োজন করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি ফিয়েট-ক্রাইসলারের ব্যবস্থাপক সাদেক রহমান বলেন, “বর্তমানে মিশিগান অঙ্গরাজ্যে প্রচুর প্রকৌশলী নিয়োগ চলছে। এ মেলা আয়োজনের মাধ্যমে কিছু বাংলাদেশির চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করছি।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বলেন, “মেলায় মিশিগানের স্থানীয় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান, অটোমটিভ কোম্পানিতে নিয়োগ প্রদানকারী ট্যালেন্ট হান্টার এজেন্সিসহ কয়েকটি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে । এ আয়োজনে ফিয়েট-ক্রাইসলার, ডেট্রয়েট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট (ডিইপি), অপ্টিমাল, অল্টাইয়ার, অপুরবা, এলএইচপিইউ ও অন্যান্য সাপ্লাইয়ার কোম্পানিসহ অন্যান্য চাকরিদাতা প্রতিষ্ঠানকেও দেখা যাবে।”

মেলার সমন্বয়ক আশেক ইউসুফ বলেন, “চাকরির জন্য আবেদনপত্র তৈরি ও জীবন-বৃত্তান্ত লেখার কৌশলের উপর একটি কর্মশালা, বিশেষজ্ঞদের ‘রেজুমি রিভিউ’, বিশেষজ্ঞ বক্তার বক্তব্য, চাকুরিদাতা-প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা মেলায় থাকবে। প্রয়োজনে চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত করতে পরামর্শক হিসেবে ওই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হবে।”

অয়োজকরা জানান, স্থানীয় সময় সকাল ৯টায় আগে রেজিস্ট্রেশন করে আসা শিক্ষার্থীরা অনুষ্ঠান রুমে যাবেন। সেমিনার ও আলোচনায় শিক্ষার্থীরা অতিথিদের বক্তৃতা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন গাড়ি কোম্পানিতে চাকরি করা বাংলাদেশি প্রকৌশলীরা পরামর্শ দেবেন।

আয়োজকদের আশা, এ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডাতে বসবাসরত বাংলাদেশি যন্ত্র প্রকৌশলী, বিদ্যুৎ প্রকৌশলী, ক্যামিকাল প্রকৌশলী, ফিন্যানসিয়াল গ্রাজুয়্যাট চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের কার্যকর ও সার্থক মিলনমেলা হবে।

লেখক: প্রবাসী বাংলাদেশি, গাড়ি প্রকৌশলী, মিশিগান

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!