২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বাংলাদেশি সাম্পানওয়ালাদের গল্প

কর্মব্যস্ত জীবনের অবসরে সাম্পানে চড়ে সাগরের ঢেউয়ে ভেসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কাতারবাসীদের জীবনে আনন্দের নহর বইয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 11:53 AM

Updated : 11 Oct 2022, 02:20 PM

স্থানীয় মানুষ, অভিবাসী ও পর্যটকদের জন্য সাগর ভ্রমণের সুবর্ণ সুযোগ করে দেয় ঐতিহ্যবাহী কিছু সাম্পান।

আরবীয় এসব সাম্পানের মাঝি ও সহকারীদের অধিকাংশই বাংলাদেশি মানুষ। কয়েক দশক ধরে বংশ পরস্পরায় এরা সাম্পান চালিয়ে আসছেন। এদের বেশিরভাগই এসেছেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থেকে। বর্তমানে প্রায় ১১০টি সাম্পানের মধ্যে ১০৫টি সাম্পানই পরিচালনা করছেন বাংলাদেশিরা।

সাম্পানে বিনিয়োগ করা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জনি জানান, “গ্রীষ্ম মৌসুমে একটু কম হলেও বছরের অন্যান্য সময়ে এসব সাম্পানে ভিড় লেগে থাকে। তবে সাপ্তাহিক ছুটির দিন, বিভিন্ন জাতীয় দিবস ও ঈদের ছুটিতে এসব সাম্পানে চড়তে আসেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নাগরিক ও পর্যটকরা।”

সাধারণত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভ্রমণপিপাসুদের সেবা দিয়ে থাকে এসব সাম্পান। অত্যাধুনিক সাউন্ট সিস্টেমে বেজে চলা গান আর রঙিন আলোর সাজসজ্জায় সাজানো এসব সাম্পানে চড়ে সাগর ভ্রমণ যাত্রীদের আনন্দ দেয়।

সাম্পানে কর্মরত বাংলাদেশি মাঝি সমির জানান, কাতারের অন্যান্য খাতের চেয়ে এ নৌকা ব্যবসায় বাড়তি কোনও প্রতিযোগিতা বা ঝামেলা নেই। কাতার সরকারের পর্যটনবান্ধব নীতিমালার কারণে কোনও অতিরিক্ত ফি না দিয়ে সাধারণ লাইসেন্সে তারা এ ব্যবসায় যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!