২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ডাকবিভাগ দিয়ে এমআরপি নবায়ন শুরু

প্রথমবারের মতো সৌদি সরকারের ডাকবিভাগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন জমা ও নবায়নের কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 07:14 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

মঙ্গলবার থেকে প্রবাসীদের রিয়াদে সৌদি ডাক বিভাগের বিভিন্ন শাখা থেকে এ কার্যক্রম শুরু হয় বলে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “এর ফলে সময় ও কর্মঘণ্টা যেমন সাশ্রয় হবে, সেই সাথে বাঁচবে ভ্রমণ ব্যয়।”

৩০ সেপ্টেম্বরের পর কেবল সৌদি পোস্টের নির্ধারিত শাখাগুলো থেকেই এমআরপি নবায়নের কাজ চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সৌদি ডাক বিভাগের মাধ্যমে এ সেবা নিতে রিয়াদ শহরের ভেতরে দূতাবাস নির্ধারিত ফি-এর চেয়ে মাত্র ৪০ রিয়াল বেশি লাগবে। আর রিয়াদের বাইরে যেকোনও শহর থেকে সেবা নিতে বাড়তি ৮০ রিয়াল সৌদি পোস্টের অফিসে জমা দিতে হবে।

এমআরপি নবায়নের জন্য মেয়াদোত্তীর্ণ মূল পাসপোর্ট ও মূল ইকামা নিয়ে আসতে হবে। এগুলো কেবল দেখাতে হবে।

এছাড়া নবায়ন ফরম পূরণ করার পাশাপাশি প্রবাসী সেবা গ্রহীতার পাসপোর্ট ও ইকামার এক কপি করে ফটোকপি জমা নেওয়া হবে।

দূতাবাসের ওয়েব সাইটে  (www.bangladeshembassy.org.sa)  এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!