শোকাবহ অগাস্ট: প্রথম প্রহরে নিউ ইয়র্কে মোমবাতি প্রজ্বলন
অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে পঁচাত্তরের ১৫ অগাস্টে ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মধ্যরাতের এ কর্মসূচি ভিনদেশিদের কৌতুহল বাড়িয়ে দেয় এবং সকলেই গভীর শ্রদ্ধা জানান বাঙালি জাতির এ নেতা ও তার পরিবারের প্রতি।
১৫ অগাস্ট শোক দিবসকে কেন্দ্র করে পুরো মাসজুড়েই যুক্তরাষ্ট্রের প্রবাসীরা নিয়েছেন নানা কর্মসূচি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এ প্রসঙ্গে বলেন, “পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে যারা জাতিরজনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন হলেও রায় কার্যকর হতে পারেনি কয়েকজনের।
“তাদের একজন যুক্তরাষ্ট্র এবং আরেকজন কানাডায় পালিয়ে রয়েছে। এই দুই ঘাতককে বাংলাদেশ সরকারের কাছে ধরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাবো।’
শোকের মাস অগাস্টের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় প্রবাসের সকল মসজিদ, মন্দির, গির্জায় দোয়া-প্রার্থনা, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই নেতার জীবন-কর্ম নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্পন্ন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাস প্রজন্মকে অবহিত করা, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য দেওয়া, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মাহফিল ইত্যাদি।
এ সময়ে বাঙালি জাতির এগিয়ে চলার বিরুদ্ধে এই প্রবাসেও যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের শক্তহাতে প্রতিরোধের সংকল্পও গ্রহণ করবেন নেতা-কর্মীরা।
মোমবাতি জ্বালানোর এ কর্মসূচিতে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুব সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদুল হাসান এবং হাকিকুল ইসলাম খোকনসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
