২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ভবনে আগুন, নেভালেন তিন বাংলাদেশি

সিঙ্গাপুরে একটি আবাসিক এলাকার ভবনে আগুন লাগলে তিন প্রবাসী বাংলাদেশি তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেশটির সিভিল ডিফেন্স ফোর্স ও প্রবাসী কমিউনিটিতে আলোচনায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:22 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

স্থানীয় সময় শুক্রবার সিঙ্গাপুর জুরং ওয়েস্ট এভিনিউ ১ এর ৪২ নাম্বার রোডের ব্লক ৪৮৬-তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই ভবনের পাশেই কাজ করছিলেন তিন বাংলাদেশি। তারা হলেন- সৌর্যিক সারথি দাস(২৪), শেখ জামাল (৩০) ও মাহবুব হাফিজ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাপুর সময় তখন দুপুর দেড়টা। জুরং ওয়েস্ট এলাকায় এক ভবনে লেগেছে আগুন। স্কুলফেরত ছেলে-মেয়েরা চিৎকার-চেচামেচি শুরু করেছে। আকাশ ছেয়ে গেছে ঘন কালো ধোঁয়ায়। তখনই এগিয়ে গেলেন তিন বাংলাদেশি, নেভালেন আগুন।

প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রথমে শেখ জামাল আগুন লাগার ঘটনা দেখতে পান। তিনি দৌড়ে গিয়ে তার সুপারভাইজার সৌর্যিক সারথি দাসকে ঘটনা জানান। সৌর্যিক তার সহকর্মী সাইট ফোরম্যান মাহবুবকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

সৌর্যিক সারথি দাস ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আগুন লাগা ওই ভবনটিতে অবস্থানরত মানুষগুলো তড়িঘড়ি করে একের পর এক নিচে নেমে আসছিল। কিন্তু আশপাশের অন্য কেউ এগিয়ে আসছিল না। সবাই যার যার মোবাইলে ভিডিও করা নিয়ে ব্যস্ত! পরিস্থিতি দেখে আমি অনেকটাই ঘাবড়ে গেলাম। কিন্তু কারও বিপদ দেখলে এগিয়ে যাওয়া আমাদের অভ্যাস। কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম না ঠিক কোন তলায় আগুন লেগেছে।”

শেখ জামাল বলেন, “আরও সামনে এগিয়ে গিয়ে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় তলার ০২-২৩ নাম্বার হাউজের করিডোরে আগুন লেগেছে। আশপাশে কোন বালতি দেখতে পেলাম না। হঠাৎ পাশের ব্লকে একটি দোকানের সামনে থেকে রীতিমত জোর করে দুটি বালতি কেড়ে নিলাম। বিন কম্পাউন্ড থেকে পানি ভরে নিয়ে গেলাম ঘটনাস্থলে। কালো ধোঁয়ার কারণে কেউ কিছু দেখছিল না ঠিক কোন জায়গা থেকে আগুনটা আসছে। সে এক গা শিউরে উঠা মুহূর্ত।”
জামাল আরও বলেন, “সৌর্যিক আন্দাজ করে ধোঁয়ার মধ্যে পানি ঢালতে শুরু করেন। দুই বালতি পানি যথেষ্ট ছিল না। তখন মাহবুব হাফিজ আর আমি এগিয়ে গেলাম পানি হাতে। অবশেষে তিনজনের মিলিত চেষ্টায় দশ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভানো শেষ হয়। তিন বাংলাদেশির কাছ থেকে আগুন নেভানোর পুরো বিবরণ শোনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিন বাংলাদেশি তরুণকে ধন্যবাদ দিয়ে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) ফায়ার কর্মীদের ক্যাপ্টেন বলেন, “সাহসী পদক্ষেপ নিয়ে তারা যথাসময়ে আগুন নেভাতে না পারলে ওই ভবনটির বিশাল ক্ষতি হয়ে যেত। আগুন নেভানোর জন্য তাদের পুরস্কৃত করা হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!