২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে প্রবাসী শিশুদের ‘পাঠ্যবই বিনিময় মেলা’

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শিশুদের মাঝে ‘পাঠ্যবই বিনিময় মেলা ২০১৭’ এর আয়োজন করেছে বাংলাদেশিদের সংগঠন ‘আরবান রিডার্স’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 03:11 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

আগামি শুক্রবার শারজার হুদাইবিয়া রেস্তোরাঁয় পুরনো পাঠ্যবই আর পাঠ্যবই সহায়ক বইয়ের দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। 

‘বইয়ের ফেরিঅলা’ খ্যাত আয়োজক সংগঠনের কর্মীরা জানান, সব প্রবাসীর কথা মাথায় রেখে মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার মূল উদ্দেশ্য এখানকার শিশুদের কাছে বিনামূল্যে পুরনো পাঠ্যবইয়ের আদান-প্রদান করা। মেলায় সবাই পুরনো পাঠ্যবই নিতে ও দিতে পারবেন।

‘আরবান রিডার্স’ থেকে জানানো হয়- ‘আরব আমিরাতের বাংলাদেশি অনেক প্রবাসী পুরনো পাঠ্যবই ফেলে দেন, আবার অনেক পরিবার টাকার কারণে বই কিনতে পারেন না। আমরা বিশ্বাস করি যে যারা কিনতে পারেন না, তাদের কাছে আমরা এভাবে বই পৌঁছে দিতে পাররো। একজনের অদরকারি বই আরেকজনের কাজে লাগতে পারে।’    

সংগঠনটি থেকে আরও জানানো হয়- ‘যারা নিজের বই দিতে রাজি, তারা একটু কষ্ট করে বইগুলো ক্লাস অনুযায়ী গুছিয়ে, তাতে লেবেল লাগিয়ে, আমাদের দিতে পারেন। আপনাদের এতটুকু সাহায্য পেলেই, এখানে থাকা আমাদের বাংলাদেশি আরো কিছু শিশু শিক্ষা লাভ করতে পারবে।’

২০১৬ সালের ডিসেম্বরে আরব আমিরাত প্রবাসী কিছু বাংলাদেশি ‘আরবান রিডার্স’ সংগঠনটি চালু করেন। ‘আরবান রিডার্স’ প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করছে। সাথে সাথে নিজেদের মধ্যে পাঠাভ্যাস চালু রাখতে প্রতি মাসে নির্ধারিত বই নিয়ে চলে পাঠালোচনা।