২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পলাতক ঘাতকদের ফিরিয়ে নিতে কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পলাতক একাত্তরের ঘাতক ও বঙ্গবন্ধুকে হত্যাকারী আসামীকে বাংলাদেশের কাছে সমর্পণের দাবিতে নিউ ইয়র্কে আগস্টের মাঝামাঝি মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 10:10 AM

Updated : 11 Oct 2022, 02:19 PM

একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আলবদর আশরাফুজ্জামান খান ও ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার এবং বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশের কাছে সমর্পণের জন্যে মার্কিন প্রশাসনের কাছে দাবি জানাতে এ কর্মসূচি নিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখা।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

এছাড়া সভায় আরও  বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি হারুন ভূইয়া এবং কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া,  সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবু, প্রচার সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, আশরাফ উদ্দিন খান লিটন ও নান্টু মিয়া।

সভায় জানানো হয়, ‘আলবদর কমান্ডার আশরাফুজ্জামান খান নিউ ইয়র্কে এবং রাজাকার আব্দুল জব্বার ফ্লোরিডায় বসবাস করছে। অন্যদিকে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে মাঝেমধ্যেই ক্যালিফোর্নিয়ায় দেখা যায়। একাত্তরে আলবদর বাহিনীর আরও  কয়েকজন সদস্য নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়ায় বসবাস করছে।‘

সভায় দাবি করা হয়,  এদের কেউ কেউ মিডিয়াকর্মী পরিচয়ে সভা-সমাবেশেও অংশ নিচ্ছে এবং বাংলাদেশে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার সংঘবদ্ধ প্রচারণাতেও লিপ্ত হচ্ছে। এমনকি এরা মার্কিন কংগ্রেস এবং স্টেট ডিপার্টমেন্টকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে সভায় অভিযোগ করা হয়।

সভায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন আর কল্যাণে নিজ নিজ সাধ্যমত অবদান রাখার জন্যে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে প্রবাস প্রজন্মকেও মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত রাখতে নানা কর্মসূচির আলোকপাত করা হয়।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সফরের সময়ে নেওয়া সমস্ত কর্মসূচিতে সেক্টর কমান্ডার্স ফোরাম অংশ নেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!