২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে পাখি ব্যবসায় প্রবাসী বাংলাদেশিরা

কাতারের অন্যতম পর্যটন স্থান ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ বাজার। এ বাজারে প্রতিদিন ঘুরতে আসেন নানা দেশ থেকে আসা পর্যটকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 04:22 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

এ বাজারের অন্যতম একটি কোলাহলমুখর অংশ পোষাপাখির বাজার। পাখির কিচিরমিচিরে সবসময় মুখর এ হাটে মিলবে পছন্দের নানা প্রজাতি ও রং-বেরঙের পাখি। 

সুক ওয়াকিফ বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের কয়েকটি দোকানের নাম হলো- টিআর পিজিওন লফট, রনি মৃধা পিজিওন হাউজ, মুন্তজা বার্ড শপ ও এসএস পিজিওন ফার্ম ইত্যাদি।

‘মুন্তজা বার্ড শপ’ এর মালিক বাংলাদেশের মৌলভীবাজারের মুন্তজা বলেন, “সপ্তাহের প্রায় প্রতিদিনই শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের ক্রেতারা আসেন এ বাজারে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না এখানে। শীত মৌসুমে কেনাবেচা বেশি হয় বলে গরমকালে ক্রেতার সংখ্যা স্বাভাবিকভাবে কমে যায়।”

বছরজুড়ে প্রতিদিনই নানা বয়সের দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এ পাখির বাজার। আরবিতে এর নাম ‘সুক আল হামাম’। এখানে বিক্রি হয় বাজপাখি, মেকাউ, টিয়া, লাভ বার্ড ও কবুতরসহ দেশ-বিদেশের নানা প্রজাতির পোষাপাখি।

বিশেষ করে টিয়াপাখির কদর এখানে অনেক বেশি। ছোট বড় নানা আকারের বিভিন্ন রঙের বিদেশি পাখিগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে। আরও পাওয়া যায় বিদেশি কুকুর, বেড়াল, ইঁদুর ও খরগোশসহ অন্য অনেক প্রজাতির প্রাণী। 

কাতার প্রবাসী বাংলাদেশের কুমিল্লার মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, “কাতারের জাতীয় পাখি হলো ফেলকন বা বাজপাখি। এ পাখি মনিবের প্রতি বিশ্বস্ত বলে কাতারের আমির ও ব্যবসায়ীরা বাজপাখি পোষতে পছন্দ করেন। তাই স্থানীয় বাজারে এ পাখির কদর বেশি।”
দীর্ঘদিন ধরে এ বাজারে ব্যবসা করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আরব ও ইউরোপের নানা দেশ থেকে তারা পাখি কিনে এনে এখানে বিক্রি করেন ক্রেতাদের কাছে। এ বাজারে আছে সর্বনিম্ন একশ’ রিয়াল থেকে শুরু করে কয়েক হাজার রিয়াল মূল্যের দামি পাখি। 

কেবল পশু-পাখি নয়, বরং এখানে পাওয়া যায় রঙিন মাছ, অ্যাকুরিয়াম, পশু-পাখির খাঁচা, পাখির খাবার-দাবার, ওষুধপত্রসহ নানা সামগ্রী। ফলে নতুন পোষাপ্রাণী কিনতে যেমন অনেকে এখানে আসেন, তেমনিভাবে ঘরে থাকা পশু-পাখির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও আসেন স্থানীয় নাগরিক, অভিবাসী ও পর্যটকরা। 

যুগ যুগ ধরে পশু-পাখি শৌখিন মানুষের পরিবারের সদস্যদের মতোই মর্যাদা ও আদর পেয়ে আসছে। মানুষের সেই শখ ও চাহিদা পূরণে এ বাজারের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!