শারজায় প্রবাসীদের বাউল গানের সন্ধ্যা
বাউল গানের দুই কিংবদন্তি হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ‘বাউল সাংস্কৃতিক সন্ধ্যা’।
শুক্রবার দেশটির শারজায় একটি হোটেলে বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট শফিকুল ইসলামের উদ্যোগে এতে গান শোনান প্রবাসী শিল্পী জাবেদ আহম্মদ মাসুম ও ফেরদৌসি নার্গিস শম্পা।
আমিরাত প্রবাসী সাংবাদিক লুৎফুর রহমান ও নৃত্যশিল্পী তিশা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।
হাসন রাজার ‘নেশা লাগিলো রে’, ‘মাটিরো পিঞ্জিরার মাঝে’, ‘বাউলা কে বানাইলো রে’ গেয়ে শোনান শিল্পী মাসুম। শাহ আবদুল করিমের ‘আইলায় না আইলায়না রে বন্ধু’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘কোন মেস্তরি নাও বানাইছে’ গেয়ে শোনান শম্পা। সবশেষে ছিলো ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি।
