সৌদি আরবে মোয়াল্লেম ফি বাড়ানোয় প্রতিবাদ
সৌদি আরব সরকার কর্তৃক মোয়াল্লেমদের ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে মক্কায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশি হজ এজেন্সিগুলো।
স্থানীয় সময় বুধবার রাতে মক্কায় বাংলাদেশ হজ মিশনে ৯১টি হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো.রেদুয়ান খান বোরহান, ফিরোজ কিবরিয়া, মো.রেজাউল করিম উজ্জ্বল, আবদুল্লাহ মামুন, মাসুদ রানা, নাজমুল হুদা, কামাল হোসেনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের হজ মন্ত্রণালয় দুই মাস আগে বিভিন্ন গ্রেডের মোয়াল্লেমদের ফি বাড়িয়ে এ গ্রেডে ৩ হাজার ৯৫০ রিয়াল, বি গ্রেডে ১ হাজার ৯০০ রিয়াল, সি গ্রেডে ১ হাজার ৫০০ রিয়াল ও ডি গ্রেডে ৭২০ রিয়াল নির্ধারণ করে।
সম্মেলনে আরও জানানো হয়, গত বছর ডি গ্রেডের মোয়াল্লেম ফি ৫২০ রিয়াল করে ধার্য ছিল। বাংলাদেশি হজ এজেন্সিগুলো সচরাচর ডি গ্রেডের মোয়াল্লেমদের মাধ্যমে হাজি নিয়ে আসে। তাদের পক্ষে সি গ্রেডে ১ হাজার ৫০০ রিয়ালের মাধ্যমে মোয়াল্লেম ফি দিয়ে হাজি নিয়ে আসা সম্ভব নয়।
এ ব্যাপারে এজেন্সিগুলোর মালিকরা হজ ট্রেডিংয়ের চেয়ারম্যান রাশেদ বদর ও সচিব ওমর আকবরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো লাভ হয়নি বলে আক্ষেপ জানানো হয় সম্মেলন থেকে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
