২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ ল সোসাইটি’র বনভোজন

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল সোসাইটি’র সদস্যরা বনভোজন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2017, 05:52 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

রোববার নিউ ইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডের সবুজ অরণ্য সানকেন মেডো পার্কে বাংলাদেশি আইনজীবীরা সপরিবারে এ বনভোজনে অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও লেখক হারুন হাবীব। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারি আব্দুল হান্নান খান।

বনভোজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নিউ ইয়র্কে কর্মরত প্রবাসী সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।

সোসাইটির সভাপতি মোর্শেদা জামান ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সবাই স্বাগত জানান। বনভোজন উপলক্ষ্যে গঠিত উপ-কমিটির আহ্বায়ক এস এম ফেরদৌস ও সদস্য সচিব লুৎফর রহমান হিমেলের সমন্বয়ে অংশ নেওয়া সবাই পুরোদিন আনন্দে মেতে ছিলেন।

বনভোজনের আয়োজনকে প্রাণময় করে রাখে বিভিন্ন ধরনের খেলাধুলা। ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ ডলারে ৩ টিকিটের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার পেতে উৎসাহী ছিলেন সবাই।

‘সাগর রেস্টুরেন্ট’-এ দুপুরের খাবারের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ৩ শিশুর মাধ্যমে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার দেন অতিথিরা। প্রথম পুরস্কার পেয়েছেন আব্দুর রশীদ।

১৬ থেকে ২২ বছর বয়সি ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে মো. সিহাবুর রহমান, মাহিন ও যাহির। ১২ থেকে ২০ বছর বয়সি তরুণীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে শামসুন্নাহার, স্বপ্না ও লুবনা।

সবচেয়ে আকর্ষণীয় ছিল মহিলাদের ‘বালিশ নিক্ষেপ’ প্রতিযোগিতা। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে লুবনা, মাকসুদা ও শামীমা।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন- প্রধান অতিথি হারুন হাবীব, সম্মানিত অতিথি আব্দুল হান্নান খান, সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মুজিবর রহমান, জাকির হোসেন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শাহ বখতিয়ার।

এসময় আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- এমাদউদ্দিন, মোহাম্মদ আলী বাবুল, সিরাজুল হক, মঈনুল ইসলাম, আব্দুর রশীদ, মিল্লাতউদ্দিগন, জওয়াহেরুল ইসলাম ও রুহুল আমিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!