অক্ষয়কে মুগ্ধ করলো বাংলাদেশের জাইম
অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’র সংবাদ সম্মেলনে অক্ষয়কে প্রশ্ন করে মুগ্ধ করেছেন প্রবাসী বাংলাদেশি জাইম রাকিব।
বৃহস্পতিবার লন্ডনে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন অক্ষয় ও ভূমি। সঙ্গে ছিলেন ছবিটির আরেক অভিনেতা অনুপম খের। সম্মেলনে অক্ষয়কে তার ছবি নিয়ে প্রশ্ন করেন ‘পৃথিবীর খুদে সাংবাদিক’ হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত জাইম।
টয়লেটের এ সংবাদ সম্মেলনে জাইম মাইক্রোফোন হাতে নিয়ে সোজা চলে যান মঞ্চে অক্ষয় কুমার, ভূমি পেড়নেকর ও অনুপম খেরের সামনে। অক্ষয় কুমার রীতিমতো তাজ্জব বনে যান। গুণী অভিনেতা অনুপেম খের করলেন গুণীর কাজ- জাইমের পা ছুঁয়ে সালাম!
জাইমের সাবলীল ভূমিকায় রীতিমতো মুগ্ধ অক্ষয়। তিনি তার সঙ্গে তোলা একটি ভিডিও আপলোড করেছেন সোশাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, ‘এই শিশু সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ। স্যানিটেশন বিষয়ে সচেতনতা ছড়াতে তুমি যে আমাদের কত বড় সাহায্য করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না।’ ভিডিওটি ইতোমধ্যে চার লাখের উপরে দেখা হয়েছে।
জাইমের বাবা রাকিব রুহেল ও মা লাবনী হোসেইন। তারা ‘জিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম’ এর যথাক্রমে চেয়ারপার্সন ও সম্পাদক।
এক নব দম্পতির শৌচাগার ঘিরে প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি মূলত ভারত সরকারের পরিচ্ছন্নতা অভিযান ও নিরাপদ শৌচালয় নির্মাণের কথাই তুলে ধরা হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
