২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হারুন হাবীবের গ্রন্থ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীবের প্রকাশিত তিনটি গ্রন্থের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2017, 11:44 AM

Updated : 11 Oct 2022, 02:18 PM

স্থানীয় সময় শুক্রবার জ্যাকসন হাইটসে মেজবান পার্টি সেন্টারে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’, ‘গণমাধ্যম ১৯৭১: বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ এবং ‘পাঁচ পুরুষ’-এই গ্রন্থ তিনটি নিয়ে মূল আলোচনা করেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস ও প্রাবন্ধিক ফেরদৌস সাজেদীন।

প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এ আলোচনা-অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।

আলোচনার পর পর্যবেক্ষণমূলক বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রব, কবি ও লেখক ফকির ইলিয়াস এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া।

সাংবাদিক হারুন হাবীব রচিত গবেষণামূলক ‘গণমাধ্যম ১৯৭১-বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ বইয়ে মুক্তিযুদ্ধ চলাকালে রণাঙ্গনের বিভিন্ন খবরাখবর ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে প্রচারের মাধ্যমে সেই যুদ্ধের প্রতি জনমত সংহত করতে ৭৫টি পত্রিকায় প্রকাশিত সংবাদ সংকলন থাকায় এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে মন্তব্য করা হয় সভায়।

মুক্তিযুদ্ধের সমর্থনে রাশিয়াসহ আরও কয়েকটি দেশের শীর্ষস্থানীয় মিডিয়ার সংবাদকেও সংকলিত করার পাশাপাশি ‘নিউ ইয়র্ক টাইমস’সহ বিভিন্ন মিডিয়ার সংবাদগুলোকে অনুবাদ করে বাংলায় প্রকাশের কথাও আসে আলোচনা সভায়।

লেকজক হারুন হাবীব বলেন, “একজনের পক্ষে সবকিছু পরিপূর্ণভাবে করা অনেক সময়েই সম্ভব হয় না। আমি যা সম্পন্ন করতে পারিনি, তা অন্যেরা করলে এই অসম্পূর্ণতা দূর হয়ে যাবে।”

অনুষ্ঠানেও প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বলিষ্ঠ কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এ অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ এবং ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী। সার্বিক সহায়তা করেছে ‘দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায়’ নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারী, লেখক-কলামিস্ট শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, রানু ফেরদৌস, গাজিউর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ ও যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির সভানেত্রী মোর্শেদা জামান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, কম্যুনিটি কর্মী আকবর হায়দার কিরণ এবং মিনহাজ সাম্মু, লেখক শামসাদ হুসাম এবং পপি চৌধুরী, কবি তুলি ইলিয়াস, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান এবং বন্ধনের সম্পাদক সঞ্জীবন কুমার ও গণজাগরণ মঞ্চের গোপাল সান্যাল।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত, আশরাফুল আলম বুলবুল, আজিমউদ্দিন অভি ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!