২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)  বাস্তবায়নে স্বল্পোন্নত দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 09:30 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এসডিজির অগ্রগতি নিয়ে ‘হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ)’-এর আওতায় ইকোসক আয়োজিত এক আলোচনায় তিনি এ আহ্বান জানান। 

‘পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে দারিদ্র্য নিরসন ও সমৃদ্ধি উন্নয়ন: বিশেষ পরিস্থিতিতে ও বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্পোন্নত, ভূ-পরিবেষ্টিত স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশগুলির জন্য করণীয়’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে এ বক্তব্য দেন মাসুদ বিন মোমেন।    

তিনি বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) বাস্তবায়ন করতে গিয়ে স্বল্পোন্নত দেশগুলো যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেসবে সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।”

এসডিজির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলো অনেকক্ষেত্রে দেশিয় জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “প্রতিবেশগত অভিযোজন নীতির বাস্তবায়নে বাংলাদেশ স্থানীয় জ্ঞান ব্যবহার করে জনগণ ও স্থানীয় সরকারের যৌথ প্রচেষ্টায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

“আমরা দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা নিয়েছি, যা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। দুর্যোগ মোকাবেলায় জাতীয়ভাবে আমরা যে সক্ষমতা তৈরি করেছি সে অভিজ্ঞতা আমরা স্বল্পোন্নত দেশগুলোর সাথে বিনিময় করছি।”

বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক সমন্বয়কারী।

এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোর কাজের প্রক্রিয়া নিয়ে সভায় আলোচনা হয়।

এসব আলোচনায় স্থিতিশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ, সংঘর্ষ ও দেশান্তরের মতো অবস্থায় স্বল্পোন্নত দেশসমূহ গৃহীত পদক্ষেপ ও নীতিমালার সাফল্য, সংঘাতময় পরিস্থিতিতে অভিগমনের অন্তর্নিহিত আর্থ-সামাজিক মূল কারণগুলো চিহ্নিত ও সেগুলো সমাধানে গৃহীত পদক্ষেপ নিয়ে কথা হয়।

এছাড়া এসডিজি’র মনিটরিং ও ফলোআপের ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোতে কোন ধরনের প্রযুক্তি, উদ্ভাবন ও তথ্য-উপাত্ত সংগ্রহ-ব্যবস্থা কার্যকর বলে বিবেচিত হয়েছে ইত্যাদি নিয়েও সভায় আলোচনা হয়।

ইকোসকের ভাইস প্রেসিডেন্ট  ক্রিস্টিয়ান ব্যরোজ মিলেট এ সভায় সভাপতিত্ব করেন। সোমবার থেকে শুরু হওয়া এইচএলপিএফ-এর কর্মসূচি আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।

এইচএলপিএফ-এর এবারের অধিবেশনে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের জাতীয় রিপোর্ট ‘ভলান্টারি ন্যাশনাল রিভিউ’ সেশনে উপস্থাপন করবে।

১৭ থেকে ১৯ জুলাইয়ের কর্মসূচিতে এইচএলপিএফ-এর মন্ত্রী পর্যায়ের সভায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারি আবুল কালাম আজাদ, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিমসহ একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের সে অধিবেশনে থাকার কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!