যুক্তরাজ্যে সিলেটের ‘এমসি একাডেমী’র প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
একবছরের প্রস্তুতি শেষে সিলেটের গোলাপগঞ্জের ‘এমসি একাডেমী’র প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে।
স্থানীয় সময় রোববার দুপুর দেড়টায় ‘মিডলসেক্স ইউনিভার্সিটি’ ক্যাম্পাসের কাছে বাঙালি মালিকানাধীন আরিয়ানা ব্যাঙ্কোয়েট হলে ওই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
পুনর্মিলনীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমসি একাডেমীর প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।
এতে অংশ নিতে অনেকেই বেশ কয়েকদিন আগে থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইটালি, স্কটল্যান্ড এবং ওয়েল্স থেকে এসে লন্ডন ও এর আশেপাশের এলাকায় বসবাসরত আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের ঘরে এসে ওঠেন।
অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ দিতে আরিয়ানা বাঙ্কোয়েট হলের প্রবেশ পথেই তোরণ এবং তারপর ফুল,ব্যানার, ফেস্টুন দিয়ে সাজান আয়োজকরা।
বামপাশে ছিল ‘এম সি একাডেমী রিইউনিয়ন ২০১৭’ নামাঙ্কিত বিশেষ টুপি। এই টুপিগুলো পরেই তারা হলে প্রবেশ করেন।
তারপরেই একে একে সাজানো ছিল রিসেপশন ড্রিঙ্ক, পান-সুপারির, ফুসকা, আইসক্রিম, চা-বিস্কিট ইত্যাদি নানা ধরনের খাবারের স্টল। হলে পেছনের বড় আঙিনাজুড়ে ছিল বাচ্চাদের বাউন্সিং কাসলসহ নানাধরনের খেলার সামগ্রী।
এম সি একাডেমীতে ‘এসেম্বলি’র প্রতীকীরূপ ফুটিয়ে তুলতে, ঠিক সেভাবেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের একঘণ্টা পর বেলা দেড়টার মূল অনুষ্ঠানের সূচনা হয়।
এতে প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সমন্বয়ক মিনহাজ আহমদ চৌধুরী ও ফারুক আহমদ।
বেলা ২টায় পবিত্র কোরআন তেলওয়াতের পর মিনহাজ আহমদ চৌধুরী ও ফারুক আহমদের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর এম সি একাডেমীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে স্কুলটির প্রাক্তন ছাত্র রায়হান চৌধুরী নির্মিত একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়।
প্রমাণ্যচিত্র প্রদর্শনীর পরে মিসবাহ মাসুমের সম্পাদনায় প্রকাশিত ম্যাগাজিন, ’শতাব্দীর মিলিত প্রাণে: ফিরে দেখা এম সি একাডেমী’র মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, স্কুলের প্রবীন ছাত্র আব্দুল মুহিত চৌধুরী, আব্দুল জলিল চৌধুরী, খালেদ আহমদ, হেলাল উদ্দিন আহমদ, মোহাম্মদ আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজনকে নিয়ে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন প্রধান সম্পাদক ফারুক আহমদ ও সম্পাদক মিসবাহ মাসুম।
মধ্যাহ্নভোজের পরে সাড়ে ৪টা থেকে শুরু হয় ভর্তির বছর ক্রমানুসারে ফটো সেশন। আর বিকেলে শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান।
এরপরই অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র, স্কুলের ছাত্র এবং পরবর্তীকালে শিক্ষক আ ম অহিদ আহমদ এবং বর্তমান স্পিকার সাবিনা আক্তার।
র্যাফেল ড্রতে প্রথম পুরষ্কার ‘লন্ডন-সিলেট-লন্ডন’ রিটার্ন টিকেট পান রেজাউল ইসলাম বিল্লাহ। র্যাফেল ড্র-এর ১১টি পুরস্কারের ৮টি পান নারীরা।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে সঙ্গীতানুষ্ঠান। এতে গান করেন- আলাউর রহমান, শামস তামান্না, নাজমুন তান্নি, আশরাফুর রাজা চৌধুরী এবং এম সি একাডেমীর প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন।
বিভিন্ন পর্বে অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রায়হান চৌধুরী, ফারজানা আহমদ, মিসবাহ মাসুম ও রেজাউল ইসলাম বিল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মিনহাজ চৌধুরী, ফারুক আহমদ, খলিলুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন আহমদ, জাহেদ আকবর চৌধুরী (জিহাদ), আব্দুল কাইয়ুম কামাল, আব্দুল হেকিম চৌধুরী, মুহিবুর রহমান (মুহিব), আব্দুল বারি নাসির, মোহাম্মদ হাফিজুর রহমান, তমিজুর রহমান রঞ্জু, আহমেদুল চৌধুরী সেলিম, জাহেদ আহমদ, ফারুক আহমদ চৌধুরী, মুমিনুল হক চৌধুরী, রায়হান চৌধুরী, আফসারুল হোসেইন চৌধুরী (পান্নু), হারুনুর রশীদ মুজিব, মিসবাহ মাসুম, সৈয়দ মোস্তফা লায়েক, রেজুউল ইসলাম বিল্লাহ, আফজল আহমদ চৌধুরী, উবায়দুল হক শিপন, দুলাল আহমদ, নাসিম আহমদ চৌধুরী, সাহেদ আহমদ, শামিম আহমদ, এজাজুর রহমান, হোসেন আহমদ। দিলোয়ার আহমেদ চৌধুরী, রাশেদ আহমদ চৌধুরী, রাজিব আহমদ চৌধুরী এবং সেলিম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সপরিবারে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী এবং সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ।
পুরো অনুষ্ঠানটি ‘রিয়েল সিলেট’ ফেইসবুক পেইজের মাধ্যমে লাইভ করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
