নিউ ইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের স্মরণসভা
প্রয়াত ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ ও আবৃতিশিল্পী কাজী আরিফকে স্মরণ করে সভা করেছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ উত্তর আমেরিকা শাখা।
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে এ স্মরণ সমাবেশ হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও সংগঠনের সাধারণ সম্পাদক সাবিনা শারমিন নিহারের পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম এ আজিজ নঈমী ।
স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বগুড়া পল্লীউন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ উদ্দিন আহমেদ।
সম্প্রতি বাংলাদেশের আরও কয়েকজন কৃতিসন্তান মারা গেছেন। তাদেরকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভাষাতাত্ত্বিক রাজিব হুমায়ুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আহমদ ফজলে হাসান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামী, মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হক মামা, সুরেশ চক্রবর্তী ও ওস্তাদ সুধীন দাশ।
কাজী আরিফের লেখা কবিতা আবৃতি করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবিনা শারমিন নিহার। স্মরণসভার শুরুতে ‘আমার প্রাণের পরে চলে গেল কে’ গানটি শোনান শিল্পী কনিকা দাস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
