নিউ ইয়র্কে ‘চট্টলা মেলা’য় বাংলাদেশের স্লোগান
প্রবাস প্রজন্মে বাংলা ভাষা আর সংস্কৃতি বিকাশ ও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্লোগান নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘চট্টলা মেলা’।
রোববার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ‘চট্টলা মেলা’ উপলক্ষে চার্চ-ম্যাকডোনাল্ডে প্রবাসী সমাবেশের আয়োজন করে ‘চট্টগ্রাম সমিতি’।
প্রতি বছরই গ্রীষ্মে এ মেলা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এবছর মেলার উদ্বোধন করেন ঢাকায় অবস্থিত ‘চট্টগ্রাম সমিতি’র সভাপতি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম।
তিনি বলেন, “১৭৫৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ঘটনা ঘটে চট্টগ্রাম থেকে। সেই বীর চট্টলার প্রবাসীরা এখন গোটা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চলেছেন।”
চট্টগ্রামে বিশ্বমানের একটি হাসপাতাল নির্মাণে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সাবেক এ মুখ্য সচিব বলেন, “বলতে দ্বিধা নেই, বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বড় বড় অনেক প্রকল্প বাংলাদেশ নিজের অর্থেই বাস্তবায়িত করছে। এটি সম্ভব হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশ ঐক্যবদ্ধ থাকায়”।
তিনি বলেন, ‘এখন সময় হচ্ছে বাংলাদেশকে আরো এগিয়ে নেয়ার। চট্টগ্রামবাসীকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয় মাতৃভূমির কল্যাণে কাজ করতে হবে। কারণ, বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো।”
বাঙালি ঐতিহ্যের খাবার আর পোশাকের শতাধিক দোকানের পাশাপাশি মূলমঞ্চে চলে দেশ ও প্রবাসের শিল্পীদের গান। শিল্পীদের মধ্যে ছিলেন কৃষ্ণাতিথি, শাহ মাহবুব, বিউটি দাস, রোকসানা মির্জা ও মিরা সিনহা। মুন আর মম্পির নাচ সবাইকে মাতিয়ে রাখে।
মেলায় আয়োজক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, ট্রাস্টি বোর্ড সদস্য খোরশেদ খন্দকার, চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাবেক সভাপতি কাজী আজম ও মিরেসরাই সমিতির সভাপতি কাজী নয়ন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
