সিডনিতে এমপি নুর-ই-আলম চৌধুরীকে সম্বর্ধনা
অস্ট্রেলিয়ায় সফররত সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরীকে সিডনি প্রবাসী মাদারীপুরের শিবচরবাসীদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার সিডনির স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সম্বর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ও সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ, সিডনি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহাজাদা।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “নির্বাচিত এমপিদের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করা এমপিদের দায়িত্বের একটি অংশ।”
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ ও সরকারের অর্জিত সফলতা এবং উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন।
সম্বর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, গিয়াসউদ্দিন মোল্লা, এস এম দিদার হোসেনসহ অন্যান্যরা।
এ সময় অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
