দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের মিলনমেলা
দক্ষিণ কোরিয়ার মাল্লিপ্পো সমুদ্র সৈকতে ‘ইপিএস বাংলা কমিউনিটি’র আয়োজনে ঈদ ও গ্রীষ্মকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এ মিলনমেলায় অংশ নেন।
সকাল ১১টায় প্রবাসীদের বহনকারী বাসগুলো প্রথমে মোংসানপো সমুদ্র সৈকতে থামে। সেখান থেকে মাল্লিপ্পো সমুদ্র সৈকতে পৌঁছে দুপুর ১২টায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
আয়োজক কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা- বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ, মোরগ যুদ্ধ, গোলক নিক্ষেপ, বেলুন বাঁচানো প্রতিযোগিতা, বিস্কুট খোঁড় প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন ছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, “এতজন বাংলাদেশিকে কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে একটি পয়েন্টে নিয়ে আসা দুঃসাহসিকতার কাজ। আর সেই দুঃসাহসিকতার কাজটি প্রতিবারই করে দেখাচ্ছে ইপিএস বাংলা কমিউনিটি। এজন্য আমি আমার ও দূতাবাসের পক্ষ থেকে ইপিএস বাংলা কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
