২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাক্ষর জালের অভিযোগ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির

পার্টির চেয়ারমান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষর জাল করে কমিটির নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ‘যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 11:01 AM

Updated : 19 Aug 2022, 05:00 PM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে ‘যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি’র ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সম্মেলনে অভিযোগ করা হয়, “এরশাদের স্বাক্ষর ‘কাট অ্যান্ড পেস্ট’ করে একেকবার একেক ধরনের কমিটির প্রচারণা চালানো হচ্ছে। এসব কাণ্ড-কারখানার বিস্তারিত তথ্য পার্টি চেয়ারমানের গোচরে আনা হয়েছে।”

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শীঘ্রই এই অপতৎপরতায় লিপ্তদের মুখোশ উম্মোচিত হয়ে পড়বে।

“কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী আবু তালেব চৌধুরী চান্দুসহ কয়েকজনের অসাংগঠনিক কর্মকাণ্ডের সাক্ষী। তিনি নিউ ইয়র্কে গত ১৯ জুন ইফতার মাহফিলে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন নেতাকর্মীদের ক্ষোভের ব্যাপারটি”- বলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুন নূর বড়ভূইয়া।

একই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান অনীক, যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেনসহ কয়েকজন।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাফর মিতা অভিযোগ করেছেন, “ব্যক্তিস্বার্থে দলের পদ-পদবি ব্যবহারের খায়েসে নেতাকর্মীদের অগোচরে আবু তালেব চৌধুরী এরশাদ সাহেবের নামে নিজের পছন্দের লোকদের সমন্বয়ে একটি কমিটি বাজারে ছাড়েন। সেটি অনেকের ক্ষোভের কারণ ঘটার পর আরেকটি কমিটি প্রচার করেছেন।”

সংবাদ সম্মেলনে ইসমাইল খান আনসারী বলেন, “শুরু থেকেই পার্টির জন্যে শ্রম দিচ্ছি। অথচ এখন যে কমিটির প্রচারণা চালানো হচ্ছে সেখানে আমার মত আরও অনেক ত্যাগী সংগঠকের নাম নেই। এটি হতে পারে না। জাতীয় পার্টিকে কারো পকেট কমিটিতে পরিণত করতে দিতে পারি না।”

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী।

ওসমান চৌধুরী অভিযোগ করে বলেন, “গত ৭ বছর যাবত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ আকড়ে থাকা এক ব্যক্তি এখন পার্টির চেয়ারম্যান এরশাদের স্বাক্ষর জাল করে নতুন ধান্দা শুরু করেছেন। এর ফলে এই প্রবাসে জাতীয় পার্টির সমর্থকরা হতাশায় নিপতিত হয়েছেন।”  

অনীক বিশেষভাবে উল্লেখ করেন যে, “পার্টি চেয়ারম্যানের আগ্রহকে আমরা সম্মান করি বলে এখনও তার নির্দেশের অপেক্ষায় রয়েছি। তবে আমরা ক্ষুব্ধ তার স্বাক্ষরকে ফটোশপের মধ্য দিয়ে প্রশ্নবিব্ধ করায়।”

নূর ভূইয়া পার্টির গঠনতন্ত্র প্রদর্শন করে বলেন, “২৫ ধারায় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কাউন্সিল ও নির্বাচন বিধিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটি ৩ বছরের জন্যে নির্বাচিত হবে। জাতীয় পার্টির অন্যান্য স্তরের নির্বাহী কমিটির মেয়াদ ২ বছর হবে। অথচ আবু তালেব চৌধুরী চান্দুর প্রচার করা কমিটিকে ২০১৭-২০২১ পর্যন্ত অর্থাৎ ৫ বছরের জন্যে অনুমোদিত বলে উল্লেখ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, “গত ১৬-১৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন মাহবুব আলী বুলু। ২০০৯ সাল থেকে তিনি বছরের ১১ মাসই ঢাকায় থাকেন। এমন ব্যক্তির নেতৃত্বে জাতীয় পার্টির কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে তা কারো অজানা নেই। আবু তালেব চৌধুরী চান্দু ৭ বছর যাবত সেক্রেটারি। মাঠে সক্রিয় নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চাচ্ছেন।”

সম্মেলনে আরও জানানো হয়, গত বছর পার্টি চেয়ারমান এরশাদের নিউ ইয়র্ক সফরকালে দাবি উঠেছিল সম্মেলনের মাধ্যমে সর্বজনগ্রাহ্য নেতা নির্বাচনের। তিনি সে আশ্বাস দিয়ে গেছেন বলেও উল্লেখ করেন নূর ভূইয়া ও ওসমান চৌধুরী। কিন্তু ঢাকায় বসবাসরত জনৈক ব্যক্তির মদদে আবারও একই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সেক্রেটারি চান্দু প্রচার চালাচ্ছেন। কিন্তু কর্মীরা তা মানতে নারাজ এবং ইতোমধেই পার্টি চেয়ারম্যানকে এ ক্ষোভের বিবরণ দেওয়া হয়েছে।

অনীক বলেন, “দুই-একদিনের মধেই প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী নিউ ইয়র্কে আসছেন। তার কাছেও দিক-নির্দেশনা আসতে পারে। এছাড়া শোনা যাচ্ছে মাহবুব আলী বুলুও শীঘ্রই নিউ ইয়র্কে ফিরবেন।”

সংবাদ সম্মেলনে গোলাম জহিরুল করিম, সগীর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!