যুক্তরাষ্ট্র প্রবাসীদের ‘এক্সিট ফুটবল লীগ’ শুরু
রমজান ও ঈদুল ফিতরের বন্ধের পর ‘বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’ আয়োজিত চলতি বছরের ‘এক্সিট ফুটবল লীগ’ এর খেলা পুণরায় শুরু হয়েছে।
রোববার বিকেলে কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের তৃতীয় সপ্তাহের তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
এতে জ্যাকসন হাইটস ক্লাব ও আইসাব জয় লাভ করে পূর্ণ পয়েন্ট পায়। অপরদিকে সোনার বাংলা ও ওজনপার্ক এফসির খেলা ড্র হওয়ায় দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
খেলা দেখতে উপস্থিত ছিলেন- স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী ও আবু তাহের আসাদ, মফিজুল ইসলাম।
২০১৪ সাল থেকে চালু হওয়া এ লীগের এবারের পর্বে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া সেরা চার দল নিয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
লীগের পরবর্তী খেলা আগামী ৯ জুলাই স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও আইসাব এফসি, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও নিউ জার্সি ইউনাইটেড এবং তৃতীয় খেলায় ব্রাদার্স অ্যালায়েন্স ও জ্যাকসন হাইটস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
