২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করুণাময় গোস্বামীর মৃত্যুতে উদীচী কানাডার শোক

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 04:27 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

সোমবার কানাডা উদীচী নির্বাহী পরিষদের পক্ষে এ শোক বিবৃতি দেন সংগঠনের সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

বিবৃতিতে বলা হয়, “দেশের বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে তাঁর মত মানবতাবাদী সাহিত্যিকের মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”

গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ৭৫ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ছিলেন। 

করুণাময় গোস্বামী সর্বশেষ ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার ও ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সঙ্গীত কোষ’ গ্রন্থের রচয়িতা। সাত বছরের গবেষণার ফল এ গ্রন্থটি সংগীত অভিধান হিসেবে সর্বজনস্বীকৃত।

সম্প্রতি তার লেখা ‘দ্য আর্ট আফ ট্যাগর সং’ নামের বইটি বিশ্বের ১২০০ গ্রন্থাগারে স্থান পেয়েছে। তার অসমাপ্ত বইয়ের সংখ্যা পাঁচটি। সর্বশেষ প্রকাশিত উপন্যাস ‘লাহোরের রহিম শেখ’।

করুণাময় গোস্বামীর প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৮। এগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত পরিক্রমা (নব আনন্দে জাগো), রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি প্রথম ও দ্বিতীয় খফ্ফ, রবীন্দ্র নাট্যগীতি, রবীন্দ্রনাথ হ্যান্টিংটন ও ভারত ভাগ, রবীন্দ্রনাথের প্যালেস্টাইন ভাবনা ও অন্যান্য, রবীন্দ্রনাথের গায়ক খ্যাতি, রবীন্দ্রসঙ্গীত কলা দ্বিতীয় খণ্ড, বাংলা গানের বিবর্তন প্রথম খণ্ড, বাংলা গান স্বরলিপি ইতিহাস, বুদ্ধদেব বসু ও অন্যান্য, নজরুলগীতি প্রসঙ্গ, আব্বাসউদ্দিন, অতুল প্রসাদের গান।

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় জড়িত করুণাময় গোস্বামী সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে একুশে পদক পান। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারও পেয়েছেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!