যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডার্স ফোরামের নতুন কমিটি
রাশেদ আহমেদকে সভাপতি ও রেজাউল বারিকে সাধারণ সম্পাদক করে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ফোরাম আয়োজিত ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ কোন পথে’ শিরোনামে এক সেমিনারে নতুন কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল। সেমিনারে ‘গেস্ট অব অনর’ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
আব্দুস সোবহান গোলাপ বলেন, “আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ নানাভাবে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরকেও চোখ-কান খোলা রাখতে হবে। বাংলাদেশ সঠিক ট্র্যাকে এগিয়ে চলছে, তা আরো বেগবান করতে সামনের নির্বাচনেও শেখ হাসিনা ও তার দলকে বিজয়ী করতে হবে।”
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “সেমিনারের বিষয়বস্তু সঠিক হয়নি বলে আমি মনে করছি। কারণ, বাংলাদেশ আজ সঠিক ট্র্যাকেই রয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বে সারবিশ্বে বাংলাদেশ গৌরবের আসনে অধিষ্ঠিত হয়েছে।”
কাউন্সিলম্যান নূরন্নবী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রবাস প্রজন্মকে আরো জোরালোভাবে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ফোরামের গুরুত্ব অপরিসীম।”
নতুন কমিটির অন্যান্য নেতারা হলেন- সহ সভাপতি হারুন ভূঁইয়া, এম এ বাশার ও রথীন্দ্রনাথ রায়, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া ও এম সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক নুরল আলম বাবু, কোষাধ্যক্ষ দেবাশীস দাস বব, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদক শুভ রায়, আইন সম্পাদক রফিক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক তানভির হাবীব, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জাফরউল্লাহ, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাসম ও যুব সম্পাদক ফাহাদ সোলায়মান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিউ জার্সির প্লইেন্সবরো সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি নূরনব্বী, অশোক কর্মকার, ফকির ইলিয়াস, নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল বারি, জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব নূরইলাহি মিনা, সাবেক প্রেস মিনিস্টার বিজন রাল দেব, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সাহা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, মিসেস গোলাপ, শাহানারা রহমান ও মমতাজ শাহানা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
